বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিকে দায়িত্ব পালনে প্রধান শিক্ষকের বাধা, প্রতিবাদে মানববন্ধন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিকে দায়িত্ব পালনে প্রধান শিক্ষকের বাধা, প্রতিবাদে মানববন্ধন

বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিকে দায়িত্ব পালনে প্রধান শিক্ষকের বাধা, প্রতিবাদে মানববন্ধন
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ভোটে নির্বাচিত সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের অভিভাবক ও কমিটির সদস্যরা মানববন্ধন করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নির্বাচিত সভাপতি বাহার উদ্দিন, সদস্য ইলিয়াস, রেহেনা আক্তারসহ অভিভাবক ও কমিটির সদস্যরা। বক্তারা দাবি করেন, পরিচালনা কমিটির নির্বাচনে বাহার উদ্দিন ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপর প্রার্থী এমরাচিং রাখাইন পান ৫ ভোট।

বক্তাদের অভিযোগ, ভোটে বিজয়ী হওয়া সত্ত্বেও বাহার উদ্দিনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। বরং পরাজিত প্রার্থীকে সভাপতি বানাতে প্রধান শিক্ষক তৎপর হয়ে উঠেছেন। এর মাধ্যমে বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধন থেকে দ্রুত নির্বাচিত সভাপতি বাহার উদ্দিনকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে প্রয়োজনীয় রেজুলেশন সম্পন্ন করার দাবি জানানো হয়। একই সঙ্গে নির্বাচনের ফলাফল উপেক্ষা করে পরাজিত কোনো প্রার্থীকে সভাপতি হিসেবে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

তারা বলেন, হারবাং বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ালেখায় পিছিয়ে রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক পরিবেশের উন্নয়নে সুশিক্ষিত ও যোগ্য বাহার উদ্দিনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া প্রয়োজন।

তবে এসব অভিযোগ ও নির্বাচনের বিষয়টি অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিন্মরীময়ী বড়ুয়া।

এ বিষয়ে চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, "নির্বাচন ও মানববন্ধনের বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের সুষ্ঠু তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।




কক্সবাজারে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

কক্সবাজারে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান
ছবি সংগৃহীত।

কক্সবাজারে শিশু সুরক্ষা জোরদার ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) কক্সবাজার শহরের হোটেল সি উত্তরা-য় আমাল ফাউন্ডেশনের চাইল্ড সেফটি নেট প্রকল্পের (সিএমপিএল) উদ্যোগে আয়োজিত ‘শিশু সুরক্ষা জোরদারকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমাল ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আব্দুল কাদের প্রকল্পের কার্যক্রম এবং শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কোনো শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে না এলে এর কারণ খুঁজে দেখা এবং ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের বিষয়ে পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানো প্রয়োজন। শিক্ষার পাশাপাশি শিশু সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।

সমাজসেবা অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মো. শাহ নেওয়াজ বলেন, বাল্যবিবাহের সঙ্গে দারিদ্র্য, পারিবারিক সংকট ও সামাজিক অসচেতনতার মতো বিষয় জড়িত। তাই শুধু আইন প্রয়োগের মাধ্যমে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। ঝুঁকিপূর্ণ শিশু ও পরিবারকে চিহ্নিত করে প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা ও সহায়তার আওতায় আনতে হবে।

মহিলাবিষয়ক অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক সুব্রত বিশ্বাস বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করতে হবে। কোনো পরিবারে বিয়ের চাপ তৈরি হওয়ার আগেই বিষয়টি শনাক্ত করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া গেলে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব।

স্টুডেন্টস প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রধান নির্বাহী মো. আরিফ উল্লাহ বলেন, শিশু সুরক্ষায় তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন। বিদ্যালয়, পরিবার ও স্থানীয় পর্যায়ে শিশুদের ঝুঁকি শনাক্ত করতে তরুণ স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একই সঙ্গে বাল্যবিবাহের কারণ ও স্থানীয় বাস্তবতা নিয়ে তথ্যভিত্তিক গবেষণা বাড়ানো প্রয়োজন।

ওয়ার্ল্ড ভিশনের মনিটরিং অফিসার বেঞ্জিন শিশু সুরক্ষা কার্যক্রমে তথ্য সংগ্রহ, নিয়মিত পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিশ্লেষণের ওপর গুরুত্ব দেন। কর্মসূচির অগ্রগতি ও ঘাটতি চিহ্নিত করতে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও উন্নয়ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। ঝুঁকিতে থাকা শিশুদের আগেই শনাক্ত করে শিক্ষা, সামাজিক সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তার সঙ্গে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

সভায় শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো, স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার এবং ঝুঁকিপূর্ণ শিশু ও পরিবারের তথ্যভিত্তিক তালিকা তৈরির বিষয়ে আলোচনা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সানজিদা আলম, স্টুডেন্ট নিউজের উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের সদস্যসচিব জিয়াউল কবির, প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।




চকরিয়ায় প্রসূতিদের বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত

চকরিয়ায় প্রসূতিদের বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারায় গর্ভবতী নারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়ার লক্ষ্যে এক স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাকারা সীরাতুল মোস্তাকিম মডেল বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে ‘পল্লী চিকিৎসক সমিতি, কাকারা সুরাজপুর-মানিকপুর’-এর আয়োজনে এবং চকরিয়া এভারগ্রীন হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. জহিরুল ইসলামের সভাপতিত্ব ও উদ্বোধনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাকারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিন আজাদ। কর্মসূচি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি রুদ্র।

স্বাস্থ্যক্যাম্পে প্রসূতি ও অন্যান্য নারী রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক ডা. সিরাজুম মনিরা ও ডা. সুমাইয়া শারমীন প্রমা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ে দরিদ্র ও প্রসূতি নারীদের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এলাকার প্রসূতি নারী ও শিশুদের স্বাস্থ্যে ইতিবাচক ভূমিকা রাখতে এ ধরনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখার আহ্বান জানান তারা। দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক নারী উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।




পূর্ব বড় ভেওলা ইউপিতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ কলিম উল্লাহ

পূর্ব বড় ভেওলা ইউপিতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ কলিম উল্লাহ
ছবি সংগৃহীত।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক হাফেজ মো. কলিম উল্লাহর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জুমাবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে চরপাড়া জামে মসজিদ সংলগ্ন নূরানী মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়। নির্বাচন উপলক্ষে আয়োজিত এই জমায়েতে এলাকার সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, মাতামুহুরী উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদুল আলম, দক্ষিণ জামায়াতের সাবেক আমির মাওলানা মোজাম্মেল হক এবং উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও যুব বিভাগের সভাপতি ওমর আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন জামায়াতের সভাপতি জাফর আলম, বিএমচর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইসমত উল্লাহ, শাহারবিলের বিশিষ্ট ব্যবসায়ী ও আলেমে দ্বীন মাওলানা শিব্বির আহমদ ওসমানী এবং বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জিয়াউল করিম আজমের সঞ্চালনায় সভাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।