বাঁশখালীতে বিশেষ আইনশৃঙ্খলা সভা, কেন্দ্রভিত্তিক নিবিড় পর্যবেক্ষণের সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় ভোটের দিন সকল কেন্দ্র ও পুরো উপজেলা নিবিড় পর্যবেক্ষণে রাখতে ‘কেন্দ্রীয় কমান্ড ইউনিট’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবীর, মেজর শাতিল, মেজর তানজিম ও মেজর সাআদাত উপস্থিত ছিলেন। এ সময় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহসহ র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
সভায় বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হয়, নির্বাচনের দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। বিশেষ করে কেন্দ্রীয় কমান্ড ইউনিটের মাধ্যমে প্রতিটি কেন্দ্রের পরিস্থিতি রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।”






