বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সুদীর্ঘ মিছিল
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সুদীর্ঘ মিছিল

বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সুদীর্ঘ মিছিল
বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুদীর্ঘ মিছিল।

বাঁশখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সুদীর্ঘ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মিয়ারবাজার থেকে শুরু হয়ে দুই কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বেলা ৪টায় শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এ সময় মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বাঁশখালীর জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সরকারি কর্মকর্তাদের হুমকি ও চাপে রাখার অভিযোগ তোলেন। তিনি বলেন, “সাবধান হয়ে যান। এক হাতে তালি বাজে না।” তিনি আরও বলেন, “সরকার বিএনপির। আপনারা বিরোধী দল। তবুও আমরা আপনাদের সহযোগিতা করছি। কিন্তু আপনাদের সহযোগিতার কোনো মানসিকতা নেই।”

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, উপজেলা বিএনপি নেতা মাস্টার লোকমান আহমদ, আলহাজ আমিনুর রহমান চৌধুরী, চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক চেয়ারম্যান ইবরাহিম খলিল, চেয়ারম্যান আসহাব উদ্দিন, অ্যাডভোকেট আবুল কাসেম, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, দেলোয়ার আজীম, রাসেল ইকবাল মিয়া, লায়ন অ্যাডভোকেট নাছির উদ্দীন, খোরশেদ আলম আইয়ুব, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোহসীন, সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, ডাক্তার মোহাম্মদ ইউনুস, মুঈনুদ্দিন পলাশ, মোহাম্মদ ছগির, শাহাদাত হোসাইন আজগর, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ জাহেদ, আবদুল হক, ওলামা দলের নেতা মাওলানা ফোরকান, ছাত্রনেতা আবদুস সবুর, এস এম তৈয়বসহ বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।




সাতকানিয়ায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

সাতকানিয়ায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের সাতকানিয়ায় রেলক্রসিং পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপদ রেল পারাপারের দাবিতে একটি ট্রেন আটকে রেখেছেন এলাকাবাসী।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইংগের পাড়ার আহমদ হোসেনের ছেলে আবু তাহের (৫৫) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুহুরি পাড়ার মৃত সাহাব উদ্দীনের ছেলে আব্দুস শুক্কুর (৪৫)। আব্দুস শুক্কুর অটোরিকশাটির চালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে অটোরিকশাটি কাটগড় রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা নিরাপত্তার দাবিতে একটি ট্রেন আটকে রেখেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।




আনোয়ারায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

আনোয়ারায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি সংগৃহীত।

আনোয়ারায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে করা একটি মিছিলের ভিডিও শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মিছিলের ভিডিওতে সংগঠনটির ৪০ থেকে ৫০ জন কর্মীকে অংশ নিতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, মিছিলটি শনিবার বিকেলে উপজেলার পরৈকোড়া এলাকার প্রধান সড়কে বের করা হয়। তবে এ মিছিল ঠিক কখন হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। মিছিলের ব্যানারে নিষিদ্ধঘোষিত সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও ছবি রয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, মিছিলে যুক্ত হয়ে ৪০ থেকে ৫০ জন কর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

এর আগে ১৫ আগস্ট ভোরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কলেজ সড়কে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। পরদিন নাশকতার অভিযোগ এনে আনোয়ারা থানায় ৪৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়।

ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের মিছিলের কোনো তথ্য নেই। ভিডিওটি পর্যালোচনা করে দেখা হচ্ছে।’




বাঁশখালীর কাথরিয়ায় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল হুব্বে মোস্তফা ফাউন্ডেশন

বাঁশখালীর কাথরিয়ায় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল হুব্বে মোস্তফা ফাউন্ডেশন
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়ায় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন হুব্বে মোস্তফা (সা.) ফাউন্ডেশন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কাথরিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

মাওলানা আইয়ুব কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন কাথরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ শাহজাহান চৌধুরী।

বক্তব্য দেন প্রিন্সিপাল মাওলানা নেছার উদ্দিন মুনিরী, আইনজীবী মিজানুর রহমান, বাঁশখালী আইনজীবী সমিতির সম্পাদক আইনজীবী মহিউদ্দিন, সমাজসেবক মাওলানা আবদুল মালেক আশরাফী, চিকিৎসক আসিফুল হক, এস এম ফোরকান, ব্যাংকার হামিদ হোসাইন, মাওলানা হাসান মুনিরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী বলেন, ‘শুধু শিক্ষিত হলে হবে না, আমাদের সুশিক্ষিত হতে হবে। নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’ তিনি কাথরিয়া ইউনিয়নের কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে কাথরিয়া ইউনিয়নের শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় ও পুরস্কৃত করে হুব্বে মোস্তফা (সা.) ফাউন্ডেশন।

ছবি সংকেত (১): বাঁশখালীর কাথরিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের একাংশ।