বাঁশখালীতে পুলিশকে বাধা দিয়ে নাশকতা মামলার আসামিকে ছিনতাই
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

বাঁশখালীতে পুলিশকে বাধা দিয়ে নাশকতা মামলার আসামিকে ছিনতাই

বাঁশখালীতে পুলিশকে বাধা দিয়ে নাশকতা মামলার আসামিকে ছিনতাই
সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সঙ্গে আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরী (টুপি পরিহিত)।

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের কাছ থেকে জিয়াউল হক চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতা ও নাশকতা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল এলাকায় এ ঘটনা ঘটে।

জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং প্রয়াত মাহফুজুর রহমান চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে আগের নাশকতার মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিনের নেতৃত্বে একটি দল কদমরসুল এলাকায় অভিযান চালিয়ে জিয়াউল হককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছালেও আসামিকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় পুলিশের চিরুনি অভিযান চলছিল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নাশকতা মামলার আসামি জিয়াউল হককে গ্রেপ্তারের সময় পুলিশ বাধার মুখে পড়েছে। যারা সরকারি কাজে বাধা দিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে, তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। আসামিকে পুনরায় গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”




আনোয়ারায় ইটবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৪

আনোয়ারায় ইটবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৪
দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা

আনোয়ারায় ইটবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের কালাবিবির দিঘির মোড়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত ব্যক্তিরা হলেন— কার্তিক ধর (৩০), ইকন ধর (১৯), ইটান ধর (১০) এবং সিএনজি চালক টুন্টু জলদাশ (৩০)। তাঁদের মধ্যে ইকন ধর ও টুন্টু জলদাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা সবাই বাঁশখালী উপজেলার কালিপুর এলাকার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে দ্রুতগতিতে সিএনজি অটোরিকশাটি বাঁশখালীর দিকে যাচ্ছিল। অপরদিকে কালাবিবির দিঘির মোড়ের উত্তর পাশে ইটবাহী ডাম্পার মিনি ট্রাকটি ইউটার্ন নিতে গেলে সিএনজিটিকে ধাক্কা দিয়ে ১০০ হাত দূরে নিয়ে যায়। এতে সিএনজি অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. পায়েল জানান, দুর্ঘটনায় আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং অপর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, "দুর্ঘটনাকবলিত ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে দুর্ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"




লোহাগাড়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল প্রাইম ইন্স্যুরেন্স

লোহাগাড়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল প্রাইম ইন্স্যুরেন্স
ছবি সংগৃহীত।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চট্টগ্রাম কর্পোরেট জোন-৬-এর উদ্যোগে এক গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনের মোস্তফা সিটি সেন্টারে কোম্পানির লোহাগাড়া জোনাল অফিসের হলরুমে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোম্পানির ইভিপি-১ ও চট্টগ্রাম কর্পোরেট জোন-৬-এর লোহাগাড়ার ইনচার্জ মো. তারেক বিন কবিরের সভাপতিত্বে ও লোহাগাড়া এফপিআর সেন্টারের জিএম মোহাম্মদ ফারুখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন-আখন্দ। বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন- ইভিপি-২ ও ইনচার্জ চট্টগ্রাম জোন-১৭ এ.বি.এম আনোয়ারুল হক, ইভিপি-২ ও ইনচার্জ চট্টগ্রাম-১৮ এস.এম ইব্রাহিম শামীম। 

এছাড়া বক্তব্য রাখেন- লোহাগাড়া জোনাল অফিসরে এ.এম জাইতনু নীহা, জাহেদা বেগম, মর্তুজা বেলাল, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজকর্মী মো. নুরুচ্ছফাও মো. জসিম উদ্দিন প্রমূখ।
এ ছাড়া কোম্পানির লোহাগাড়া জোনাল অফিসের ভিআইপি গ্রাহক মোহাম্মদ নুরুচ্ছফা ও জসিম উদ্দীনসহ কর্পোরেট জোনের কর্মকর্তা, উন্নয়নকর্মী, গ্রাহক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বায়েজীদ-বিন-আখন্দ বলেন, বীমা মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কোনো পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলে পরিবারটি হঠাৎ করে আর্থিক সংকটে পড়ে। এ ধরনের সময়ে বীমার অর্থ পরিবারকে কিছুটা হলেও সহায়তা দিতে পারে। তাই গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বীমা দাবি নিষ্পত্তি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বীমা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বাড়াতে গ্রাহকসেবার মান উন্নয়ন এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবারের অনিশ্চিত সময়ে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করে। গ্রাহকদের আস্থা ধরে রাখতে বীমা দাবির যথাযথ যাচাই শেষে দ্রুত নিষ্পত্তি এবং সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বীমা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং গ্রাহকদের সঙ্গে স্বচ্ছ ও দায়িত্বশীল সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, কোনো গ্রাহকের মৃত্যুর পর তার পরিবারের কাছে বীমার অর্থ শুধু একটি আর্থিক সহায়তা নয়, বরং কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই গ্রাহকদের প্রতিশ্রুত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

পরে কোম্পানির লোহাগাড়া জোনাল অফিসের সুবিধাভোগী মরহুমা হাছিনা আক্তারের মৃত্যুদাবির ৬ লাখ ৮৪ হাজার টাকার চেক তার স্বামী জসিম উদ্দীনের কাছে হস্তান্তর করা হয়। চেক গ্রহণকালে জসিম উদ্দীন কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 




পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, ৩ বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, ৩ বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবি সংগৃহীত।

পটিয়ায় যাত্রীবাহী আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে একটি মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষে ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কমল মুন্সির হাট বাজারসংলগ্ন চক্রশালা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস চক্রশালা রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণভাবে অবস্থান করা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি ট্রেনের ইঞ্জিনের সামনের অংশে আটকে যায়। পরে ট্রেনটি ভ্যানটিকে টেনেহিঁচড়ে আনসার ক্যাম্পসংলগ্ন মোল্লাপাড়া এলাকা পর্যন্ত নিয়ে যায়। সংঘর্ষের ধাক্কায় ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার আবদুস সালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

তিনি জানান, দুর্ঘটনার পর কক্সবাজার এক্সপ্রেস ঘটনাস্থলে আটকা পড়ে আছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।