বাঁশখালীতে চাঁদার দাবিতে স্বর্ণব্যবসায়ীর ওপর হামলা

চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদার দাবিতে তড়িৎ কান্তি গুহ নামে এক স্বর্ণব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার রাত ১০টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাশমুন্সি হাট এলাকায় সংঘটিত এই হামলার ঘটনায় আজ (৩ আগস্ট) সোমবার বাঁশখালী থানায় মামলা হয়েছে। অন্যদিকে হামলায় আহত স্বর্ণব্যবসায়ী তড়িৎ কান্তি গুহকে (৫২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কোকদণ্ডী এলাকার মৃত হিমাংশু বিমল গুহের ছেলে তড়িৎ কান্তি গুহ দীর্ঘদিন ধরে বাঁশখালীর কালীপুর রামদাশমুন্সির হাটে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন। তাঁর প্রতিষ্ঠানের নাম 'হিমাংশু গুহ জুয়েলার্স'।
এদিকে একই এলাকার মৃত আবুল বশরের ছেলে রাসেল ওরফে কালু দীর্ঘদিন ধরে তড়িৎ গুহসহ অন্য ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন।
ব্যবসায়ী তড়িৎ গুহ জানান, কিছুদিন আগে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে তাঁর দোকানে হামলার ঘটনা ঘটে। সে সময় তিনি মামলা করলে পুলিশ কালুকে গ্রেপ্তার করে। সম্প্রতি সে জেল থেকে জামিনে বেরিয়ে এসে আবারও চাঁদা দাবি করে।
তিনি আরও বলেন, "রবিবার রাতে আমি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ রাসেল ওরফে কালুর নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়। এ সময় তারা দোকান থেকে সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।"
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আরিফ জানান, ঘটনার পর মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।











