বাঁশখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক, নাশকতার ছক নস্যাৎ

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জামির উদ্দিন (৪০) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নে পরিচালিত এই অভিযানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক নাশকতার একটি পরিকল্পনা নস্যাৎ করা হয়।
আটক জামির উদ্দিন বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল সন্ধ্যা সাড়ে ৭টায় বাহারছড়া ইউনিয়নের একটি স্থানীয় দোকানের সামনে থেকে তাকে আটক করে। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুটি তাজা গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।
নির্বাচনী সহিংসতায় জড়িত থাকার আশঙ্কায় ওই ব্যক্তি আগে থেকেই নজরদারিতে ছিলেন বলে জানানো হয়েছে। এ বিষয়ে সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে যেকোনো ধরনের অস্থিতিশীলতা বা সহিংসতা প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। জনগণের জানমাল রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।”
সেনাবাহিনী আরও জানায়, শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।






