ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে আসতে না পারে- আ ফ ম খালিদ

অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে আর কখনো যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে রাষ্ট্র পরিচালনার মাধ্যমেই দেশের উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সীরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এ দেশে আর কোনোদিন যেন ফ্যাসিবাদের জন্ম না হয়, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এটি একটি গণতান্ত্রিক দেশ। জনগণ যাদের ভোট দেবে, তারাই দেশ পরিচালনা করবে। কিন্তু জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা দেশকে পিছিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশের মর্যাদাকে বিশ্ব দরবারে আরও সমুন্নত দেখতে চাই।
তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে সততা, ন্যায়পরায়ণতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করলে ইতিবাচক পরিবর্তন আনতে বেশি সময় লাগবে না। দুর্নীতিবাজ ও অসৎ ব্যক্তি কখনো প্রকৃত দেশপ্রেমিক হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
নৈতিকতার গুরুত্ব তুলে ধরে সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, সম্পদের মোহ ও প্রবৃত্তির তাড়না মানুষের জন্য বড় পরীক্ষা। ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, আত্মসংযম এবং ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি সুলতান আহমদ।
ফটিকছড়ি কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আসেম বাবুনগরী, প্রভাষক মাওলানা ড. নোমান আল আযহারী, মাওলানা নাছির উদ্দিন, আল্লামা ড. হারুন আজিজী নদভী, আল্লামা মুফতি মুফিজুর রহমান চাটগামী, আল্লামা ড. নোমান আল আজহারী, মুফতি ওসমান, হাফেজ মাওলানা শহীদুল্লাহ্, মাওলানা আসেম বাবুনগরী, মাওলানা মাহফুজুর রহমান, হাবিবুর রহমান মিসবাহ, অধ্যাপক এন এম রহমতুল্লাহ, মাওলানা শওকত আযমীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।








