ফটিকছড়িতে শতবর্ষী কবরস্থানের মাটি লুট!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের চানপুর মৌজার একটি শতবর্ষী কবরস্থান থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চানপুর মৌজার ১ নম্বর সরকারি খাস খতিয়ানভুক্ত ‘কবরস্থান’ শ্রেণির জায়গাটি দীর্ঘদিন ধরে স্থানীয় মুসল্লিদের কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ওই কবরস্থান থেকে রাতের আঁধারে ভেকু (এস্কাভেটর) দিয়ে মাটি কেটে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা মতিউর রহমান লিয়াকত কবরস্থানের মাটি কেটে বিক্রি করেছেন। স্থানীয় কয়েকজন শ্রমিকের মাধ্যমে গাড়িপ্রতি ২০০ টাকা হারে মাটি বিক্রি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এতে কবরস্থানের পরিবেশ ও পবিত্রতা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পুরোনো কয়েকটি কবর ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা নুরুল আলম আজাদ বলেন, “এটি আমাদের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত কবরস্থান। দীর্ঘদিন ধরে এখানে দাফন কার্যক্রম চলে আসছে। রাতের আঁধারে কবরস্থানের মাটি কেটে নেওয়ার ঘটনা আমাদের মর্মাহত করেছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে স্থানীয় নাছির মিস্ত্রী বলেন, “গাড়িপ্রতি ২০০ টাকা করে মীর আকবর মাটি কিনেছেন। কিছু মাটি কাটা হয়েছে। তবে জায়গাটি যে কবরস্থান, সেটি আমাদের জানা ছিল না। লিয়াকত মাটি বিক্রি করেছেন।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন মতিউর রহমান লিয়াকত। তিনি বলেন, “রাতের বেলায় কে বা কারা মাটি কাটছে, তা আমি জানি না। জায়গাটি আমার পূর্বপুরুষদের সময় থেকে আমাদের ভোগদখলে রয়েছে। এলাকার মানুষের সঙ্গে আমার কোনো বিরোধ নেই।”
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, “এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।








