ফটিকছড়িতে মে দিবসে লাল পতাকার মিছিল ও সমাবেশ

মহান মে দিবস উপলক্ষে ফটিকছড়িতে লাল পতাকার বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে চট্টগ্রাম জেলা কার, মাইক্রো, জীপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সকালে ফটিকছড়ির সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শতাধিক শ্রমিকের অংশগ্রহণে মিছিলটি বের হয়। এ সময় শ্রমিকরা লাল পতাকা হাতে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক অধিকারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে পরিবহন খাতের শ্রমিক, চালক, সহকারীসহ স্থানীয় শ্রমজীবী মানুষ অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি একরাম চৌধুরী। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. দৌলত মিয়া।
সমাবেশে উপস্থিত ছিলেন নাজিরহাট সিএনজি শ্রমিক ইউনিয়ন উপকমিটির সভাপতি জসিম উদ্দিন, মাইক্রো শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক দিদারুল আলম, নির্বাহী সদস্য মো. আলমগীর, শ্রমিক নেতা আব্দুল মান্নান, মো. সেলিম, মো. ইকবাল, মো. টিপু, মাসুদ, আবু আহাম্মদ, মো. করিম, বাদশা, মো. শাহিন, আলী আকবর, ফারুক, নাজিম উদ্দিন, সোলেমান, লোকমান, জানে আলম, বক্কর, শহিদুল, রবিউল, সাইফুদ্দিন, নাজিমউদ্দীন, মহরম আলী, মহিউদ্দিন, জামসেদ ও আবু ফরহাদ শাহিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এখনো অনেক শ্রমিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, কর্মপরিবেশ উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
এ সময় সড়ক পরিবহন আইন শ্রমিকবান্ধবভাবে সংশোধনের জন্য সরকারের কাছে জোর দাবি তুলে তারা বলেন, বর্তমান আইনের কিছু ধারা পরিবহন শ্রমিকদের জন্য কঠোর ও বাস্তবতাবিবর্জিত; তাই শ্রমিকদের স্বার্থ, পেশাগত নিরাপত্তা ও বাস্তব কর্মপরিবেশ বিবেচনায় আইনটি পুনর্বিবেচনা করা জরুরি।








