ফটিকছড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৭

ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি–চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যোগেজ উরাংয়ের ছেলে উত্তম উরাং (১৭), রাম উরাংয়ের ছেলে নয়ন উরাং (১৭) এবং তপন উরাংয়ের ছেলে তপু উরাং (১৭)। তারা সবাই উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা।
নিহত উত্তম উড়াংয়ের পিতা যোগেজ উরাং হতবিহ্বল কণ্ঠে বলেন, লেখাপড়ার পাশাপাশি স্কুল–কলেজ বন্ধ থাকায় তারা রাজমিস্ত্রির যোগালি হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে আজ তারা লাশ হয়ে ফিরল।
প্রত্যক্ষদর্শী রেজাউল করিম চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মানিকছড়ি থেকে একটি সামাজিক অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালীর উদ্দেশ্যে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহীরা রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন। পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মেহেদী হাসান জানান, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৭ জনের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে নিহত একজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।








