ফটিকছড়িতে বাজেটকে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে সদ্য ঘোষিত ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে ফটিকছড়ি সদর বিবিরহাটে বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে বাস স্টেশন সংলগ্ন মুক্তিযুদ্ধ চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম-২ সংসদীয় আসনের নির্বাচিত প্রতিনিধি সরোয়ার আলমগীর। তাঁর নেতৃত্বে নেতাকর্মীরা নতুন বাজেটকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আনন্দ-উল্লাস প্রকাশ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে উপস্থাপিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেশের ইতিহাসে সর্ববৃহৎ এবং সময়োপযোগী। ত্যাগী এ নেতা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই বাজেট সাধারণ মানুষের স্বস্তি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশীয় শিল্প সুরক্ষায় ভূমিকা রাখবে।
তিনি ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর ছাড়ের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং এটিকে জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে, ব্যবসা-বাণিজ্যে স্থিতিশীলতা বাড়বে এবং মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি হবে।
সরওয়ার আলমগীর বলেন, বাজেটের মাধ্যমে দেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সঠিক বাস্তবায়নের মাধ্যমে ৬.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি ও সাধারণ মানুষ। মিছিল শেষে আয়োজকরা বলেন, ফটিকছড়ির উন্নয়ন অগ্রযাত্রায় এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।








