ফটিকছড়িতে পাম্প কর্মচারীর মৃত্যু, চোরাই তেল বিক্রির অভিযোগ

ফটিকছড়িতে অগ্নিদগ্ধ হয়ে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মনোতোষ নাথ (৪৫) নামে এক পেট্রোল পাম্পের সহকারী ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।
নিহত মনোতোষ নাথ (৪৫) উপজেলার নাজিরহাট পৌরসভার ইমামনগর গ্রামের বাসিন্দা। তিনি নাজিরহাট জনতা অয়েল কোম্পানি লিমিটেডে কর্মরত ছিলেন।
পরিবারের সূত্র জানায়, ১৪ এপ্রিল রাতে বিদ্যুৎ না থাকায় ঘরের সামনে মোটরসাইকেলের প্লাগ পরিষ্কার করার সময় তেল ঢালতে গিয়ে আগুন ধরে যায়। পাশে থাকা চেরাগ বাতির শিখা থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে গুরুতর দগ্ধ হন তিনি। প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, পাম্পে চাকরির সুযোগ নিয়ে মনোতোষ নাথ নিয়মিত বাড়িতে তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করতেন। ঘটনার দিনও এমন কার্যক্রমের সময় দুর্ঘটনাটি ঘটে বলে দাবি তাদের। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পাম্পের ব্যবস্থাপক মো. তৌহিদুল আলম।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।








