ফটিকছড়িতে নৈশপ্রহরীর সততায় ফেরত ২০ লাখ টাকা

ফটিকছড়ির নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন এক নৈশপ্রহরী। বুধবার (১০ জুন) মধ্যরাতে স্থানীয়দের উপস্থিতিতে তিনি টাকা হস্তান্তর করেন।
নৈশপ্রহরীর নাম মো. নুরুল আলম বাঁচা (৪৪)। তিনি নাজিরহাট পৌরসভার বাবুনগর গ্রামের বাসিন্দা এবং পৌরসভার নৈশপ্রহরী হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার(১০জুন) রাত সোয়া ১২টার দিকে দায়িত্ব পালনকালে নাজিরহাট বাজারের সোসাইটির মাঠের সামনে সড়কে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান তিনি। ব্যাগটি খুলে বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়ে তিনি সেটি নিরাপদে পৌর কার্যালয়ে নিয়ে যান এবং সংরক্ষণ করেন।
পরে তিনি টাকার প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা করেন। যাচাই-বাছাইয়ের পর জানা যায়, ওই টাকার মালিক নাজিরহাট বাজারের এম আর জুয়েলার্সের স্বত্বাধিকারী দুর্লভ ধর।

এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং পৌরসভার কর্মচারীদের সহযোগিতায় রাত সাড়ে তিনটার দিকে টাকাভর্তি ব্যাগটি ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হয়।
নৈশপ্রহরী মো. নুরুল আলম বাঁচা বলেন, ব্যাগটি পাওয়ার পরই আমি নিরাপদে পৌর কার্যালয়ে নিয়ে যাই। পরে যাচাই করে নিশ্চিত হয়ে সবার উপস্থিতিতে মালিকের কাছে ফেরত দিই।
পৌরসভার কর্মচারী মো. ওমর ফারুক বলেন, তিনি বিষয়টি আমাদের জানানোর পর আমরা যাচাই করে নিশ্চিত হই। পরে সবার উপস্থিতিতে টাকা ফেরত দেওয়া হয়।
টাকা ফেরত পেয়ে আবেগাপ্লুত ব্যবসায়ী দুর্লভ ধর বলেন, এটি গ্রাহকের আমানতের টাকা ছিল। এমন সততার দৃষ্টান্ত সত্যিই বিরল। তিনি আমাদের সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ।








