ফটিকছড়িতে টিলা সাবাড়, বিতর্কে বিএনপি নেতা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে একটি বড় টিলা কেটে সমতল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা বোরহান উদ্দিনের নাম সামনে আসায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাবাদ বৈধ্যপাড়া এলাকার প্রিন্সিপাল জহিরের কাছ থেকে প্রায় চার কানি আয়তনের টিলাটি ক্রয় করা হয়। এরপর ধাপে ধাপে গাছপালা অপসারণ করে স্কেভেটর দিয়ে টিলাটি কেটে ফেলা হয়। বর্তমানে কাটা মাটি পাশের নিম্নাঞ্চল ভরাটে ব্যবহার করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, একসময়কার উঁচু টিলাটি প্রায় বিলীন হয়ে গেছে। কাটা মাটি দিয়ে পাশের আবাদি জমি ভরাট করা হচ্ছে। এতে প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি কৃষিজমির উর্বরতা ও উৎপাদন ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের টিলা কর্তন পরিবেশ সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এতে দীর্ঘমেয়াদে জলবায়ু, ভূ-প্রকৃতি ও বাস্তুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় এ ধরনের কর্মকাণ্ড বারবার ঘটলেও কার্যকর প্রতিরোধ নেই। তারা অবিলম্বে টিলা কর্তন বন্ধ, দায়ীদের শাস্তি এবং পরিবেশ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোজাহিদুর রহমান বলেন, টিলা কাটার বিষয়টি তাদের নজরে এসেছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সরেজমিন তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








