ফটিকছড়িতে ছাত্রলীগের গোপন বৈঠক ও অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কথিত গোপন সাংগঠনিক তৎপরতা, ঝটিকা মশাল মিছিল এবং পলাতক নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।
বুধবার (১০ জুন) বিকেলে ফটিকছড়ি সদর বিবিরহাটে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিন এবং সদস্যসচিব ইঞ্জি. বেলাল উদ্দিন মুন্না। তাঁরা বলেন, “নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গোপনে সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পলাতক নেতার বক্তব্য জনমনে উদ্বেগ ও অস্থিরতা সৃষ্টি করছে।”
তাঁরা আরও বলেন, ফটিকছড়িতে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা কিংবা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। একই সঙ্গে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা জাবেদ ও সোহেল রানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আজিজুল হক মামুন, যুগ্ম আহ্বায়ক এনাম, নাছির ও খোরশেদ, ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর, আরমান ও সম্রাট, নাজিরহাট পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ উল্লাহ আনসারি, ডালিম, খোরশেদ, এহসান, সাইম ও রোকনসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিপুলসংখ্যক নেতাকর্মী।








