ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে আটক ২

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে এক নারী নেত্রীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বক্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও স্থানীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমি আক্তার (৩৫) এবং সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা উজ্জ্বল বড়ুয়া (৪০)।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিবিরহাট বাজারের এএইচ শপিং কমপ্লেক্সে অভিযান চালানো হয়। সেখানে আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এএইচ শপিং কমপ্লেক্সের ‘শাওন ভিশন ফটো অ্যান্ড ফিল্ম’ নামের একটি প্রতিষ্ঠানে লিফলেট তৈরি করা হচ্ছিল বলে তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় সেখান থেকে এক নারী ও প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়। মঙ্গলবার সকালে আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ








