ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও নারায়ণহাট ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের দায়ে রসুল আমিন ও এরশাদ নামের দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে তাদের এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
প্রশাসন সূত্র জানায়, পাইন্দং ইউনিয়নের টিলা পাড়া এলাকায় অবৈধভাবে টিলা থেকে মাটি কাটা হচ্ছিল। একই সময়ে নারায়ণহাট ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে পৃথক অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে টিলা বা মাটি কাটা এবং নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








