প্রশস্তকরণের নামে ভোগান্তি, সামান্য বৃষ্টিতেই নালার পানিতে সয়লাব হাটহাজারী-রাঙ্গামাটি সড়ক

হাটহাজারী-রাঙ্গামাটি সড়কের বাসস্ট্যান্ড থেকে কলাবাগান পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ দীর্ঘদিন ধরে চললেও কাজের ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
সামান্য বৃষ্টিপাত হলেই সড়কের এক পাশের নালার ময়লা পানি উপচে রাস্তায় জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।
স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্তকরণের জন্য খোঁড়াখুঁড়ি করা হলেও দীর্ঘ সময় ধরে কাজ শেষ না হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
অপরিকল্পিতভাবে নালা ও ড্রেনেজ ব্যবস্থা খোলা রেখে কাজ পরিচালনা করায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। এর ফলে নালার দুর্গন্ধযুক্ত ও ময়লাযুক্ত পানি সড়কের উপর জমে থেকে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও হুমকি সৃষ্টি করছে।
বিশেষ করে বাসস্ট্যান্ড, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে চলাচলকারী শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত এই দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অনেক স্থানে পানি জমে থাকার কারণে ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়ক প্রশস্তকরণের কাজ শেষ করার পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও সচেতন মহল।








