পটিয়ায় ৪টি চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পটিয়ায় অভিযান চালিয়ে ৪টি চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরাই যানবাহন চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) বিকেলে পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় কৃষি উন্নয়ন বোর্ডের পূর্ব পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন ফাতেমা মোটরসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের চোরাই যানবাহনবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. আখতার হোছাইন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মীর মো. মনির হোসেন, এএসআই আল আমিন খান এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করেন।
পরে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সিএনজিচালিত অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সময় মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমদকে (২৭) হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের হেফাজত থেকে ৪টি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যানবাহনের মধ্যে তিনটি নম্বরবিহীন এবং অপরটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-থ-১১-৪৩৪৩।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সক্রিয় সদস্য বলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া অটোরিকশাগুলোর প্রকৃত মালিক শনাক্ত ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় পটিয়া থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, চোরাই যানবাহন ক্রয়-বিক্রয়, সংঘবদ্ধ অপরাধ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান, প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও ধারাবাহিক আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এসব অপরাধচক্র নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।











