পটিয়ায় মুজাফফরাবাদ কলেজে অভিভাবক সমাবেশ

চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফফরাবাদ কলেজে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছরীন আক্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য জসিম উদ্দিন।
সমাবেশে বক্তব্য দেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কনিকা দাস, পৌরনীতি ও সুশাসন বিভাগের সহকারী অধ্যাপক আবদুস শুক্কুর, আইসিটি বিভাগের প্রভাষক প্রবীর মিত্র, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিভাগের প্রভাষক বাবলু রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ রেজাউল করিম এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কুতুব উদ্দীনসহ অন্যরা।
মুক্ত আলোচনায় অভিভাবক ও শিক্ষার্থীরা কলেজের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ তৈরিতে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক বলেন, "অতীতের বিষয়গুলো নিয়ে না ভেবে কলেজের উন্নয়নে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব এবং শিক্ষা খাতে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট বরাদ্দ দিয়েছে। পাশাপাশি পটিয়ার সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামও শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক।"
তিনি আরও বলেন, একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
সমাবেশ থেকে কলেজের শিক্ষা কার্যক্রমের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।











