পটিয়ায় ব্রিজ ভেঙে চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন, কচুয়াই ও ছনহরা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হিসেবে পরিচিত ফজলুর রহমান সড়কের একটি সেতু বন্যার তোড়ে ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। সেতুটি ভেঙে যাওয়ায় উভয় পাড়ের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে বন্ধ রয়েছে যান চলাচল।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ছয় মাস ধরে সেতুটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও তা পুনর্নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি টানা বর্ষণে সেতুসংলগ্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, যাতে আশপাশের বসতবাড়ি ও দোকানপাট প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সৈয়দ জানান, জনদুর্ভোগ কমাতে তিনি নিজ উদ্যোগে ভাঙা সেতুর পাশ দিয়ে বিলে কাঠের একটি অস্থায়ী সাঁকো তৈরি করেছেন। তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর মাটি খনন করে কাজ অসমাপ্ত রেখে চলে গেছে। বার বার যোগাযোগ করা হলেও তারা কাজে ফিরছে না।” তিনি দ্রুত সেতুটি নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
ব্যবসায়ী আবদুল মজিদ বলেন, “সেতুটি ভাঙা থাকায় ব্যবসা-বাণিজ্যসহ নিত্যদিনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি সাবেক সংসদ সদস্য এনামুল হক এনামকেও জানানো হয়েছে। আমরা দ্রুত এই সেতু পুনর্নির্মাণ করে দুর্ভোগ দূর করার দাবি জানাচ্ছি।”
সুমন দাশ নামে অপর এক বাসিন্দা জানান, দীর্ঘ দিন ধরে সেতুটি ভাঙা থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও জরুরি রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান জানান, ভেঙে যাওয়া সেতুটির বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











