নৌবাহিনীতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, ‘সোর্ড অব অনার’ পেলেন ফটিকছড়ির ইনতিসার
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

নৌবাহিনীতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, ‘সোর্ড অব অনার’ পেলেন ফটিকছড়ির ইনতিসার

নৌবাহিনীতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, ‘সোর্ড অব অনার’ পেলেন ফটিকছড়ির ইনতিসার
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটের কৃতি সন্তান সাব-লেফটেন্যান্ট মো. ইনতিসার ইসলাম ইনান বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ প্রশিক্ষণ সম্মাননা ‘সোর্ড অব অনার’ অর্জন করে নিজ উপজেলার জন্য বিরল গৌরব বয়ে এনেছেন।

রবিবার (২১ জুন) চট্টগ্রামস্থ বাংলাদেশ নেভাল একাডেমি-তে অনুষ্ঠিত মিডশিপম্যান ২০২৩-বি এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৬-এ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে সর্ব বিষয়ে শ্রেষ্ঠ চৌকস মিডশিপম্যান হিসেবে ইনানের হাতে ‘সোর্ড অব অনার’ তুলে দেন এডমিরাল এম নাজমুল হাসান।

নৌবাহিনীর দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণ কার্যক্রমে অসাধারণ মেধা, নেতৃত্বগুণ, শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এই মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন করেন। একইসঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষার অঙ্গীকার নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যাত্রা শুরু করেন।

ফটিকছড়ির নারায়ণহাট জুজখোলা গ্রামের সন্তান ইনতিসারের এই সাফল্যে এলাকায় বইছে আনন্দের বন্যা। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তাঁর এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্থানীয়রা বলেন, ইনানের এই কৃতিত্ব ফটিকছড়ির তরুণ প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মনিবেদনের আদর্শে অনুপ্রাণিত করবে।

ইনতিসারের বাবা বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন শাখায় কর্মরত সিনিয়র চিফ পেটি অফিসার আলী নেওয়াজ এবং তাঁর দাদা নুরুল ইসলামও নৌবাহিনীর সদস্য ছিলেন। ফলে দেশের সমুদ্রসীমা রক্ষায় অবদান রাখার এক গৌরবময় পারিবারিক ঐতিহ্য বহন করছেন তিনি।

এ অর্জন প্রসঙ্গে ইনানের জেঠা জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌহিদুল আলম বলেন, আমার ভাতিজা সাব-লেফটেন্যান্ট ইনান বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ সম্মাননা ‘সোর্ড অব অনার’ অর্জন করায় আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। কঠোর দুই বছরের প্রশিক্ষণ শেষে সে মেধা, শৃঙ্খলা ও নেতৃত্বের স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করেছে। তার এই সাফল্য শুধু আমাদের পরিবারের নয়, সমগ্র ফটিকছড়ির জন্যও গৌরবের। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার মহান দায়িত্ব পালনে সে যেন সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যেতে পারে- এটাই আমাদের প্রত্যাশা।

স্থানীয় সমাজকর্মী ও ব্যাংকার হাসান শামসুদ্দিন বলেন, সাব-লেফটেন্যান্ট মো. ইনতিসার ইসলাম ইনানের ‘সোর্ড অব অনার’ অর্জন ফটিকছড়িবাসীর জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, মেধা ও দেশপ্রেমের মাধ্যমে তিনি যে সাফল্য অর্জন করেছেন, তা আমাদের তরুণ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর এই কৃতিত্ব দেখে নতুন প্রজন্ম দেশসেবার মহান আদর্শে উদ্বুদ্ধ হবে এবং নিজেদের লক্ষ্য অর্জনে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশের কল্যাণে সফল কর্মজীবন কামনা করি।




ফটিকছড়ি উত্তরের গজারিয়া স্কুলের সভাপতি হলেন এড. ইউচুপ আলম মাসুদ

ফটিকছড়ি উত্তরের গজারিয়া স্কুলের সভাপতি হলেন এড. ইউচুপ আলম মাসুদ
ছবি সংগৃহীত।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুমোদনে ফটিকছড়ি উত্তর উপজেলার গজারিয়া জেবুন্নেছা পাড়া উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে বোর্ড মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ইউচুপ আলম মাসুদ।

মঙ্গলবার (২২ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের প্রবিধান অনুযায়ী, আগামী ছয় মাস অথবা নিয়মিত পরিচালনা কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এ কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।

অনুমোদিত কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন এ জেড এম আলমগীর, অভিভাবক প্রতিনিধি হিসেবে খোরশেদ আলম এবং সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আদেশে বলা হয়েছে, প্রবিধান অনুযায়ী অ্যাডহক কমিটি পরিচালনা কমিটির সব ধরনের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী এ কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট ইউচুপ আলম মাসুদ বলেন, এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় আমানত। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই। আমার লক্ষ্য হবে একটি নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশের সুযোগ পাবে।




উত্তর ফটিকছড়িতে কথিত প্রেমিকসহ যুবলীগ নেত্রী আটক

উত্তর ফটিকছড়িতে কথিত প্রেমিকসহ যুবলীগ নেত্রী আটক
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভুজপুর ইউনিয়নে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক যুবলীগ নেত্রী ও তাঁর কথিত প্রেমিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার ভুজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবারড্যাম ডলু আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির মহিলা সদস্য রাশু বেগম (৪০)। তিনি ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী। তাঁর সঙ্গে আটক হন একই ইউনিয়নের কোটবাড়িয়া নাজিরখিল এলাকার বাচা মিয়ার ছেলে মো. হাসেম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে হাসেম রাশু বেগমের বাড়িতে গেলে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। পরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুজনকে আটক করে ভুজপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল মুন্সি বলেন, “রাশু বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাঁকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। সর্বশেষ একই ধরনের ঘটনার অভিযোগে স্থানীয়রা তাঁকে ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।”

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।”




ফটিকছড়ির হাইদচকিয়ায় উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফটিকছড়ির হাইদচকিয়ায় উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত অ্যাডহক কমিটির অভিষেক সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনব বড়ুয়া, অভিভাবক সদস্য জাহেদ হাসান গণি, শিক্ষক প্রতিনিধি কাজী মুহাম্মদ মাহতাব উদ্দিন, মো. জসিম উদ্দিন, মাস্টার রতন কান্তি চৌধুরী, আব্দুল মতিন, কৃষকদল নেতা নাজমুল হাসান চৌধুরী লিটনসহ গভর্নিং বডির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

নবনিযুক্ত সভাপতি ও চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি প্রতিটি শিক্ষার্থীকে বছরে অন্তত একটি গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানকে শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, পরিবেশবান্ধব ও সচেতন নাগরিক গড়ে তোলার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।