নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের পুনর্বার টিকাদান শুরু

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের পুনর্বার টিকাদান শুরু করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ। হাম মোকাবিলায় সরকার সপ্তাহব্যাপী দেশজুড়ে হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনা এবং বিভিন্ন বয়সের নাগরিকেদের মধ্যে যাঁরা হামে আক্রান্ত হচ্ছেন, তাঁদের হাসপাতালে নিয়ে আসার কর্মসূচি হাতে নিয়েছে।
এরই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়িতে এখন পর্যন্ত কোনো পাড়ায় হামের মারাত্মক সংক্রমণ দেখা না গেলেও নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে পাড়াভিত্তিক স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে কমিটি গঠন করে (২৬ জুলাই রবিবার থেকে) মাঠে কাজ চালিয়ে যাচ্ছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, তারা হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনা এবং আক্রান্তদের হাসপাতালে পাঠানোর কাজ পরিচালনা করছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আবুল মনজুর বলেন, “সারাদেশের মতো নাইক্ষ্যংছড়ির পুরো উপজেলায় গত ২৬ জুলাই রবিবার থেকে পাড়াভিত্তিক কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আমাদের টিম মাঠে কাজ করছে, তাই মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। পাড়াভিত্তিক খুঁজে খুঁজে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনা হচ্ছে, পাশাপাশি আক্রান্তদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। কেউ হামে আক্রান্ত হলে আমাদের টিম সরাসরি বাড়িতে গিয়েও চিকিৎসাসেবা প্রদান করবে।”











