নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা : রয়টার্স
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা : রয়টার্স

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা : রয়টার্স
ছবি সংগৃহীত।

চব্বিশের আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশ ছাড়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে এটি তার প্রথম কোনো আবেদন।

সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। রয়টার্স সে চিঠি দেখার সুযোগ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।

দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৪ পরবর্তী অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে।

এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সে লক্ষ্যেই সোমবার তার সহযোগীরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হাসিনার পতনের আগে আওয়ামী লীগ ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল। ক্ষমতাচ্যুতির পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

বিভিন্ন মেয়াদে প্রায় ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। ফলে তার দেশে ফেরার উদ্যোগ রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর ঢাকায় সরকার যখন স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন তার প্রত্যাবর্তন নতুন পরিস্থিতি তৈরি করতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান এবং দেশ ছাড়ার দুই বছরের বেশি সময় পর তার এই উদ্যোগে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। 




কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প
ছবি সংগৃহীত।

দেশের অন্যতম প্রধান পর্যটন নগরী কক্সবাজার শহরের জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। চলমান প্রকল্পের পাশাপাশি নতুন করে আরও কয়েকটি বড় প্রকল্প গ্রহণের প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে দেওয়া লিখিত উত্তরে এ তথ্য জানানো হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী অনুপস্থিত থাকায় তার পক্ষে প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী শাহে আলম।

সংরক্ষিত মহিলা আসন-২১-এর সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্নার লিখিত প্রশ্নের জবাবে কক্সবাজার শহরের জলাবদ্ধতা নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিবরণ তুলে ধরা হয়।

প্রশ্নে তিনি শহরের জলাবদ্ধতা ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার সমস্যা সমাধানে আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ এবং বিদ্যমান ড্রেন সংস্কারে সরকারের পদক্ষেপ জানতে চান।
লিখিত জবাবে জানানো হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বাস্তবায়নাধীন ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর অধীনে কক্সবাজার পৌরসভায় ২৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে রাস্তা সম্প্রসারণ, ড্রেন, স্ট্রিট লাইট ও ফুটপাত নির্মাণের কাজ চলছে।

এ ছাড়া একই প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে আরও ৮০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন স্কিম গ্রহণের পরিকল্পনা রয়েছে। এসব কাজের দরপত্র ২০২৭ সালের জানুয়ারিতে আহ্বান করা হতে পারে।
পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় কক্সবাজার পৌরসভায় ৩ দশমিক ১৩ কিলোমিটার নতুন ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব ড্রেনের মাধ্যমে বাঁকখালী নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এ প্রকল্পে ৬৬৬ মিটার খাল পুনঃখনন, ১০টি আরসিসি বক্স কালভার্ট, ক্যাচ পিট, পাইপ, স্ল্যাব, ম্যানহোল ও ১৪০ মিটার লিংক রোড নির্মাণের সংস্থান রাখা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানানো হয়, কক্সবাজার পৌরসভার বর্তমান চাহিদার ভিত্তিতে আরও ৯টি উপপ্রকল্প গ্রহণের প্রস্তাব রয়েছে। এর মধ্যে সাতটি সড়ক ও ড্রেন উন্নয়ন এবং দুটি ড্রেন নির্মাণ ও পুনর্বাসনসংক্রান্ত। এসব উপপ্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ১০৭ কোটি টাকা।

এ ছাড়া ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে ‘বটম-আপ অ্যাপ্রোচ’ অনুসরণ করে বিভিন্ন উন্নয়নমূলক উপপ্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

এই প্রকল্পের আওতায় কক্সবাজার পৌরসভায় ইতোমধ্যে ১ দশমিক ৭১ কিলোমিটার রাস্তা ও ১ দশমিক ৬৯ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে আরও শূন্য দশমিক ৮৪ কিলোমিটার রাস্তা এবং শূন্য দশমিক ৪৮ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে।




১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার
ছবি সংগৃহীত।

দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়, জুলুম, নিপীড়ন ও ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ভূলুণ্ঠিত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা এ দেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রাকে নতুনভাবে সূচনা করেছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হয়।

সূচনা বক্তব্যে স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এ দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়। গণতন্ত্র ছাড়া একটি দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

সংসদের কার্যকর ভূমিকা তুলে ধরে স্পিকার আরও বলেন, জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আমাদের স্বাধীনতা অর্জনের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক গৌরবময় অধ্যায়। এই ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস।

২০২৪ সালের গণঅভ্যুত্থান সম্পর্কে স্পিকার বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার অংশগ্রহণে সংগঠিত এই গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

বক্তব্যের শেষ পর্যায়ে মহান আল্লাহর কাছে বাংলাদেশকে শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তৌফিক এবং সংসদ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের শক্তি ও প্রজ্ঞা কামনা করেন স্পিকার।




৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ছবি সংগৃহীত।

দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা সুনিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো স্থাপন করা হবে, যেখানে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে শ্রমজীবী মানুষের জন্য বিশেষ পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যাবিশিষ্ট ৬টি ডেডিকেটেড হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী সংসদে বিশদ ব্যাখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে আমরা এই ৬টি জায়গায় ১০০ শয্যার একটি করে হাসপাতাল তৈরি করব। এগুলো শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে। তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য নির্দিষ্ট এই হাসপাতালগুলোর নামকরণ এবং তৈরির প্রক্রিয়াটি বিশেষভাবে শুধু শ্রমিকদের সেবার বিষয়টি মাথায় রেখেই করা হবে।

সংসদে দেওয়া বক্তব্যে অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট ও খাতওয়ারি সংকটের তীব্র চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা, শিল্প ও চিকিৎসা খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস ও অকার্যকর করে ফেলা হয়েছিল। দেশীয় খনিজ সম্পদ যথাযথভাবে ব্যবহার না করে জ্বালানি খাতকে সম্পূর্ণ আমদানিনির্ভর করে তোলা হয়েছিল।

শিল্প খাতের বিকাশ রোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে এমন সব ইচ্ছাকৃত নীতি বা পলিসি গ্রহণ করা হয়েছিল, যার ফলে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ ঘটা সম্ভব হয়নি। একইভাবে চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু গড়ে উঠেছিল, স্বৈরাচারের আমলে তা পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়। এমনকি দেশের চিকিৎসাব্যবস্থা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষকে বাধ্য হয়ে বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসার শরণাপন্ন হতে হতো।

বর্তমান সরকারের গণমুখী দৃষ্টিভঙ্গি ও দায়বদ্ধতার কথা পুনরুল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। ফলে শ্রমিকসমাজসহ দেশের প্রতিটি মানুষের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কিছুদিন আগেই এই সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার উদ্বেগের কথা তুলে ধরেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই হাসপাতাল নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।