জামিনের শর্ত ভঙ্গ: পলাতক দুই আসামির বন্ডের টাকা আদায় করলেন চট্টগ্রাম আদালত

চট্টগ্রামে জামিন নিয়ে পলাতক থাকা দুই আসামির কাছ থেকে বন্ডের অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নজিরবিহীন আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দেউলিয়া বিষয়ক আদালত, চট্টগ্রামের বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আহমেদ সাইদ এই আদেশ কার্যকর করেন।
আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মামলার দুই আসামি জামিনে মুক্তি পাওয়ার পর নিয়মিত হাজিরা না দিয়ে পলাতক হন। এটি ফৌজদারি কার্যবিধির ধারা ৪৯৯ ও ৫১৪ অনুযায়ী বন্ড ভঙ্গের শামিল। পরবর্তীতে আসামিরা গ্রেপ্তার হয়ে পুনরায় আদালতে হাজির হলে বিচারক তাদের পূর্ববর্তী জামিন বন্ডের অর্থ জরিমানাস্বরূপ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, বুধবার দুই আসামির পক্ষে তাদের নিযুক্ত আইনজীবীরা মোট ৩০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেন। এর মধ্যে এক আসামির পক্ষে ২০ হাজার এবং অন্যজনের পক্ষে ১০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু বলেন, "জামিন আদালতের দেওয়া একটি আস্থা। ফৌজদারি কার্যবিধির ৫১৪ ধারা অনুযায়ী কেউ এই আস্থার অপব্যবহার করলে বন্ডের টাকা আদায় করা রাষ্ট্রের আইনগত দায়িত্ব। এই আদেশের মাধ্যমে বিচারিক শৃঙ্খলা ও আদালতের মর্যাদা সুসংহত হয়েছে।"
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশিদ রাজু বলেন, "জামিন মানে দায়মুক্তি নয়, এটি শর্তসাপেক্ষ স্বাধীনতা। আদালতের এই সিদ্ধান্ত আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।" আইনজ্ঞরা মনে করছেন, চট্টগ্রামে জামিনের অপব্যবহার রোধে এই কঠোর অবস্থান একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।











