ছদাহা আবুল হোসেন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস ও মা সমাবেশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা আবুল হোসেন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বুধবার সকালে (৫ আগস্ট) গণঅভ্যুত্থান দিবস, মা সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী এবং নবগঠিত পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ১৫ নম্বর ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোরশেদুর রহমান বলেন, "জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সচেতনতা গড়ে তোলার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের, বিশেষ করে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
প্রধান বক্তা অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, "গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে সৎ, সাহসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নতুন কমিটি ও শিক্ষকেরা নিরলসভাবে কাজ করে যাবেন।"
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, বিপুলসংখ্যক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











