চন্দনাইশে দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বারোপ: মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি হাজি হাকিম আলী খালেকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও দারুল ইহসান হিফজখানার উদ্যোগে বার্ষিক সভা ও সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই সভায় বক্তারা আদর্শ সমাজ গঠনে দ্বীনি শিক্ষার অপরিহার্যতা ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম নয়মী, কাজী আলহাজ মাওলানা মোজাহেরুল কাদের ফারুকী এবং মাওলানা জহিরুল ইসলাম হক্কানী। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা মফিজ উদ্দিন নিজামী, মাওলানা মুস্তাফিজুর রহমান ও আব্দুল মান্নান সিদ্দিকীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, "একটি সমৃদ্ধ জাতি গঠনে ধর্মীয় শিক্ষার ভূমিকা অপরিসীম। এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর কুরআনের হাফেজ তৈরি হওয়া ইসলামী শিক্ষার প্রসারে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। সমাজ থেকে নৈতিক অবক্ষয় দূর করতে তরুণ প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা এখন সময়ের দাবি।"
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্থানীয় মুসল্লি ও আমন্ত্রিত অতিথিরা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।







