চট্টগ্রাম জেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রাম জেলা কার-মাইক্রো-জীপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে ফটিকছড়ি উপজেলা সদরে সংগঠনের কার্যালয়ের সামনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য (ফলাফল স্থগিত) সরওয়ার আলমগীর। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কার-মাইক্রো-জীপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বাবু।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দৌলত মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, সংগঠনের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হাছান মাহমুদ, শ্রমিক নেতা কামাল উদ্দিন, মো. দিদারুল আলম ও মোহাম্মদ টিপু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর বলেন, অন্য অনেক দল শ্রমিকদের কাছ থেকে চাঁদা নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে। কিন্তু আমাদের দল এসব কর্মকাণ্ডে জড়িত নয়। আমরা সবসময় শ্রমিকদের পাশে আছি এবং তাদের কল্যাণে কাজ করে যাচ্ছি।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।








