চকরিয়ার মহাসড়কে ১০ দলীয় জোটের 'মার্চ ফর দাঁড়িপাল্লা', জুলাই সনদ বাস্তবায়নের ডাক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চকরিয়া-পেকুয়া আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে বিশাল জনসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে 'মার্চ ফর দাঁড়িপাল্লা' শীর্ষক এই কর্মসূচিতে জোটের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন, “সাম্য, মানবিকতা ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আব্দুল্লাহ আল ফারুককে বিজয়ী করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন বাংলাদেশে 'জুলাই জাতীয় সনদ'কে সাংবিধানিক রূপ দিতে আমরা গণভোটের আহ্বান জানাই।”
প্রধান বক্তা হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনগণ জেগে উঠেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি দমনে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হবে।
সমাবেশ শেষে আসরের নামাজের পর একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজারে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ এবং চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিকসহ জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
চকরিয়া উপজেলা আমির মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা আগামী নির্বাচনে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে সংগঠনের কর্মসূচি জোরদার করার আহ্বান জানান।







