খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারায় ২০টি শপিং মল ও বিপণিবিতান বন্ধ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামের আনোয়ারায় প্রধান প্রধান শপিং মল ও বিপণিবিতান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আজ বুধবার উপজেলার ওয়ান মাবিয়া সিটি সেন্টার ও ইত্যাদি শপিং মলসহ অন্তত ২০টি বাণিজ্যিক কেন্দ্র একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
সকাল থেকেই উপজেলার প্রাণকেন্দ্র ওয়ান মাবিয়া সিটি সেন্টারের মূল ফটক বন্ধ থাকতে দেখা যায়। এছাড়া বন্দর সেন্টারে অবস্থিত ইত্যাদি শপিং সেন্টারসহ উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোর ছোট-বড় অনেক মার্কেট ও দোকানপাট বন্ধ রাখেন মালিকপক্ষ।
ওয়ান মাবিয়া সিটি সেন্টারের স্বত্বাধিকারী আজম খান বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানাতে আমরা সর্বসম্মতিক্রমে ওয়ান মাবিয়া সিটি সেন্টার একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।" মূলত দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে এই শোক পালনের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সারা দেশেই এর প্রভাব পড়েছে। আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করা হয়েছে।






