কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়ের শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাকি আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ মে) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চননগর হাট্টটিলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বেয়াই মো. সাফা (৪৫)কে আটক করা হয়েছে।
নিহত লাকি আক্তার ওই এলাকার আব্দুল কাদেরের স্ত্রী ও চার সন্তানের জননী। অভিযুক্ত সাফা কালাপানিয়া এলাকার খামারবাড়ির বাসিন্দা। পারিবারিকভাবে তাদের মধ্যে বেয়াই-বেয়াইন সম্পর্ক ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লাকি আক্তার গবাদিপশু আনতে পাহাড়ি এলাকায় যান। সন্ধ্যার পর গরু বাড়িতে ফিরে এলেও তিনি আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের একটি পাহাড়ি নিচু স্থানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাত ১১টার দিকে স্থানীয় পল্লী চিকিৎসক ওসমান ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহতের নাকে আঘাতের চিহ্ন ছিল।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়ের শ্বশুর সাফা ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়েছিলেন। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য সাফাকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।








