উপজেলা পর্যায়ের তাইকোয়ান্ডো প্রতিযোগিতা আগামী ৩০ ও ৩১ অক্টোবর

বাংলাদেশ তাইকোয়ান্ডো এসোসিয়েশনের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ৩০ এবং ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে উপজেলাসমূহ থেকে খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করবে। উপজেলা থেকে বাছাইকৃত খেলোয়াড়রা জেলা থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
এই প্রতিযোগিতা উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে জেলার কোচ ও রেফারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার তাইকোয়ান্ডো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও সাবেক ককসু জিএস ছৈয়দ করিম ও জেলার সিনিয়র সহ-সভাপতি মোকতার আহমদ বক্তব্য রাখেন।
কোচদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদরের নুরুল ইসলাম, উখিয়া পালংখালীর ফরিদুল আলম চৌধুরী, চকরিয়ার মো. শামসুল হুদা, কক্সবাজার সদরের মো. জামাল হোসাইন, চকরিয়ার হামিদুর রহমান, উখিয়ার দেলোয়ার হোসাইন, ঢাকার কাজল রানা এবং চকরিয়া উপজেলার মো. আবু তালেব।
সভাপতির বক্তব্যে শেখ আবদুল্লাহ বলেন, নতুন কুঁড়ির মাধ্যমে সরকার দেশের ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করার লক্ষে কাজ করছে। তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করতে বাজেট দিচ্ছে।
তিনি বলেন, যুব সমাজকে মাদকসহ যাবতীয় অপরাধকর্ম থেকে দূরে রাখতে প্রতিটি এলাকায় খেলোয়াড় মনস্ক মানুষ সৃষ্টি করার লক্ষে সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, তাইকোয়ান্ডোকে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বাধ্যতামূলক করছে সরকার। ইতোমধ্যে সেই লক্ষে কাজ শুরু হয়েছে। যার পারফরম্যান্স যত তার মূল্য ততো হবে। মতাদর্শ বিবেচনা নয়, আন্তরিক ভূমিকা বিবেচনায় খেলোয়ার খেলোয়ারবৃন্দ মূল্যায়িত হবে।
এ সময় উপজেলাভিত্তিক ক্লাবগুলোকে ঢেলে সাজানোর অনুরোধ জানান শেখ আবদুল্লাহ।









