ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে এলাকাবাসীর মানববন্ধন

আনোয়ারায় ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেলের বিরুদ্ধে করা চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল এলাকায় মাদক ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। একটি কুচক্রী মহল তাঁর সামাজিক অবস্থান ক্ষুণ্ন ও হয়রানির উদ্দেশ্যে এই মিথ্যা মামলা করেছে। অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
প্রতিবাদ সভায় স্থানীয় বাসিন্দা নাসরিন সুলতানা বলেন, "ইলিয়াস কাঞ্চন রুবেল মেম্বার সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় একটি মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা এই প্রহসনের মামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।"
রেহেনা আকতার নামে আরেক বাসিন্দা বলেন, "আমাদের এলাকায় যারা অপরাধ ও মাদকের সঙ্গে জড়িত, তাদের দমনে রুবেল মেম্বার সাহসী ভূমিকা পালন করেছেন। আজ তাঁর মতো একজন জনপ্রিয় প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলা দেওয়া হয়েছে। এলাকার নারীসমাজ এই মিথ্যা মামলা কোনোভাবেই মেনে নেবে না।"
মো. আরমান বলেন, "একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা মামলা দিয়ে এলাকার তরুণ जनप्रतिनिধির সম্মানহানির চক্রান্ত করছে। এই চক্রান্তের পেছনে যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচন করা হবে। অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।"
বৈরাগ ইউনিয়ন কৃষক দলের সভাপতি জসীম উদ্দীন বলেন, "রুবেল মেম্বার এলাকার গরিব-দুঃখী মানুষের অধিকার আদায়ে কাজ করে আসছেন। তাঁকে সমাজে হেয়প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার না করা হলে সাধারণ শ্রমিক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"
মানববন্ধনে বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, ইউনিয়ন বিএনপির নেতা আবদুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য নজরুল ইসলাম লিটন, কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন কনট্রাক্টর, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন শাহ্, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. নূরু মিয়া ও যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াছসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এর আগে, গত রবিবার (২ আগস্ট) বৈরাগ ইউনিয়নের ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল (৩৫) এবং তাঁর দুই সহযোগী সাজ্জাদ হাসান (২৭) ও ওমর কাদের সুজাতের (২৫) বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবি এবং দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা করেন একই এলাকার মো. ওমর। আদালত অভিযোগটি আমলে নিয়ে আনোয়ারা থানাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।











