আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী মা-ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী মা-ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী মা-ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা
ছবি সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মা ও তাঁর ১৫ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত নারীর স্বামী। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি জব্দ করে চালককে আটক করেছে আবুধাবি পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন অসীমা চৌধুরী (৪৮) ও তাঁর একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস (১৫)। আহত হয়েছেন অসীমার স্বামী সৌরভ বিশ্বাস। তাঁদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল গ্রামে।

সোমবার রাতে আবুধাবির উপকণ্ঠের আল ওয়াথবা এলাকায় আবুধাবি-আল আইন রোডের এক্সিট-৪৭ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক বন্ধু ও আবুধাবি প্রবাসী সংগঠক সজল চৌধুরী জানান, সৌরভ বিশ্বাস টয়োটা ইয়ারিস গাড়ি চালিয়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি নিশান সাফারি গাড়ি তাঁদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অসীমা চৌধুরী ও তাঁর ছেলে অরিত্রের মৃত্যু হয়। খবর পেয়ে আবুধাবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় মাফরাক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত সৌরভ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আবুধাবি প্রবাসী সাংবাদিক সঞ্জিত শীল জানান, প্রকৌশলী সৌরভ বিশ্বাস প্রায় ২৫ বছর ধরে পরিবার নিয়ে আবুধাবিতে বসবাস করছেন। সেখানে তাঁর নির্মাণব্যবসা রয়েছে। অসীমা চৌধুরী আবুধাবির একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি সংগীতচর্চা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

দম্পতির একটি একমাত্র মেয়েও রয়েছে। তিনি দুবাইয়ের নলেজ ভিলেজের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

বর্তমানে নিহত মা ও ছেলের মরদেহ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

এ মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে সৌদি প্রবাসীর মৃত্যু

কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে সৌদি প্রবাসীর মৃত্যু
ছবি সংগৃহীত।

সৌদি আরবের মক্কা নগরীতে কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে আলহাজ শহিদুল্লাহ বাবু নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল্লাহ বাবু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভীর বাড়ির বাসিন্দা। তিনি মাওলানা সামশুল হুদার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবের মক্কা নগরীতে বসবাস করছিলেন এবং সেখানে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ভ্রাতুষ্পুত্র কাজী মামুন জানান, সৌদি আরবে তাঁর কফিলের একটি ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান শহিদুল্লাহ বাবু। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল্লাহ বাবুর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনেরা।

স্থানীয় পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেন স্বপন বলেন, শহিদুল্লাহ খুবই ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




চাহিদা পাওয়া গেছে ১০৪৮ কর্মীর

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত।

আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু হচ্ছে। আজ বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাদের বিদায় শুভেচ্ছা জানাবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিনা খরচে প্রথম ধাপে ১১২ জন কর্মী কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

এদিন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

রাশেদুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে আজ সন্ধ্যায় ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। তারা ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া)-তে মাসিক ১ জাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে, তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে, নিয়োগকর্তার দেওয়া আবাসন ও চিকিৎসা সুবিধাসহ কাজ করবেন।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, শূন্য মানে শূন্য। এই কর্মসূচিতে কর্মীকে বোয়েসেল বা অন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের সমুদয় ব্যয় নিয়োগকর্তা বহন করছে। জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসাবে কর্মীদের সাশ্রয় প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

কর্মী বাছাই স্বচ্ছ ও দালালমুক্ত ছিল জানিয়ে তিনি বলেন, ৪ হাজার ৩৯ জনের অনলাইন আবেদন থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারিতে ৩০০ জন, এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে ১১২ জন নির্বাচিত হন।

রাশেদুল হক বলেন, এটি কেবল শুরু। মালয়েশিয়ার ৪টি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পাওয়া গেছে। ডিএইচএল (১১২), টপ গ্লোভ (৩৭৯), তাতাওয়া ইন্ডাস্ট্রি (৩২) ও ইউনাইটেড প্লান্টেশন (৫২৫)।

কবে নাগাদ দ্বিতীয় দফার কর্মীরা মালয়েশিয়া যাবেন জানতে চাইলে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এটি ৫ ডিসেম্বর বা ৯ ডিসেম্বর হতে পারে। পরবর্তীতে যাদের পাঠানো হবে তারা অন্য আরেকটি কোম্পানিতে যাবেন।

সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে, যাদেরকে লটারির মাধ্যমে বাছাই করা হচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার হবে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধারা।

২০২৪ সাল থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় বাজার বন্ধ। বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। জুনে মালয়েশিয়া সফরে গিয়ে বাংলাদেশিদের জন্য শ্রমবাজারটি খুলে দিতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রথমবার বন্ধ হয় ২০০৮ সালে। এরপর ২০১৬ সালে শ্রমবাজারটি আবার খোলা হলেও দুর্নীতির অভিযোগের মুখে ২০১৮ সালে ফের বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০২২ সালে বাজারটি আবার খুললেও ২০২৪ সালে বন্ধ হয়ে যায়।

২০১৮ এবং ২০২২ সালে সই করা সমঝোতায় স্মারকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজে সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৩১ মে বন্ধ হওয়া দেশটির শ্রমবাজারে বন্ধ দুয়ার আজ খুলছে।




আবুধাবিতে ইউএই সরকারের ‘লেবার মার্কেট অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি উদ্যোক্তা ওয়াহিদ মিয়া

আবুধাবিতে ইউএই সরকারের ‘লেবার মার্কেট অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি উদ্যোক্তা ওয়াহিদ মিয়া
ছবি সংগৃহীত।

মাত্র ৭০০ দিরহাম বেতনে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মজীবন শুরু করে সফল উদ্যোক্তা হয়ে ওঠা বাংলাদেশি তরুণ মোহাম্মদ ওয়াহিদ মিয়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের ‘লেবার মার্কেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার দিরহাম নগদ অর্থ, ২৪ ক্যারেটের একটি স্বর্ণমুদ্রা ও সম্মাননা ট্রফি। তিনি আবুধাবিভিত্তিক ‘ম্যাগ ইভেন্ট ম্যানেজমেন্ট’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন ইউএই প্রেসিডেন্সিয়াল কোর্টের ডেভেলপমেন্ট অ্যান্ড ফলেন হিরোজ ডিপার্টমেন্টের ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। লেবার মার্কেট অ্যাওয়ার্ডের এটি ছিল চতুর্থ আসর।

জানা যায়, প্রায় ২১ বছর আগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে কাজের সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান ওয়াহিদ মিয়া। শুরুতে মাসে ৭০০ দিরহাম বেতনে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন তিনি। ধাপে ধাপে নিজের অবস্থান তৈরি করে একসময় উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৩০ জন কর্মী কাজ করছেন।

ইউএইর মানবসম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ পুরস্কারের লক্ষ্য হলো বেসরকারি খাতের সফল উদ্যোগ ও অবদানকে স্বীকৃতি দেওয়া, দক্ষ উদ্যোক্তা ও কর্মীদের সম্মানিত করা এবং শ্রমবাজারে ইতিবাচক চর্চা উৎসাহিত করা।

প্রবাসীদের মতে, সীমিত সামর্থ্য নিয়ে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের এই সাফল্য সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার।