আনোয়ারার মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখবে ইরা ক্লিনিক: সরওয়ার জামাল নিজাম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, “আনোয়ারা ও কর্ণফুলী অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে গ্রামের নারী ও সাধারণ মানুষ নানা সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাঁদের জন্য এলাকার কাছাকাছি উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।”
তিনি বলেন, “শুধু একটি ক্লিনিক প্রতিষ্ঠা করলেই হবে না, সেখানে আসা রোগীদের সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। ডায়াগনস্টিক সেন্টারের যন্ত্রপাতি ও পরীক্ষার মান আন্তর্জাতিক মানের হওয়া প্রয়োজন। পাশাপাশি কর্মরত চিকিৎসকদের শিক্ষাগত যোগ্যতা, বিশেষজ্ঞ পরিচিতি এবং চেম্বারের সময়সূচি দৃশ্যমান স্থানে প্রদর্শনের আহ্বান জানান তিনি।”
শুক্রবার দুপুরে আনোয়ারা উপজেলার চাপাতলী ভোলাশাহ এলাকায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য নিজাম আরও বলেন, “ক্লিনিকটির সার্বিক কার্যক্রম ও যন্ত্রপাতির মান যাচাই করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রতিষ্ঠানটি পরিদর্শনের আমন্ত্রণ জানানো উচিত। প্রয়োজনীয় নিয়মকানুন ও মান নিশ্চিত করে দীর্ঘমেয়াদে মানুষের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হবে।”
তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ইরা ক্লিনিক যেন শুধু উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আজীবন আনোয়ারা-কর্ণফুলীর মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করে। বিশেষ করে মা-বোনদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ড. আরমান আলীর সভাপতিত্বে এবং ইকবাল হায়দার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, আখতারুন্নবী চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, নুরুল ইসলাম মেম্বার, আবুল কালাম আবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।











