৫টি দাবি অবরোধকারীদের, ৪ দাবিতে সমঝোতা: সাজেকের অবরোধ প্রত্যাহার হবে শিগগিরই—ওয়াদুদ ভূইয়া
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

৫টি দাবি অবরোধকারীদের, ৪ দাবিতে সমঝোতা: সাজেকের অবরোধ প্রত্যাহার হবে শিগগিরই—ওয়াদুদ ভূইয়া

৫টি দাবি অবরোধকারীদের, ৪ দাবিতে সমঝোতা: সাজেকের অবরোধ প্রত্যাহার হবে শিগগিরই—ওয়াদুদ ভূইয়া
ছবি সংগৃহীত।

সাজেকে সড়ক অবরোধকারীদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। অবরোধকারীদের ৫ দফা দাবির মধ্যে ৪টি দাবির বিষয়ে দুই পক্ষের সমঝোতা হয়েছে। শিগগিরই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওয়াদুদ ভূইয়া।

ওয়াদুদ ভূইয়া বলেন, “অবরোধকারীদের ৫ দফা দাবির মধ্যে ৪টি দাবির বিষয়ে সমঝোতা হয়েছে। সাজেক থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়ে কয়েক দিনের মধ্যে আবারও আলোচনা হবে।”

সংবাদ সম্মেলনে রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বিকেল ৩টা থেকে সাজেকের অচলাবস্থা নিরসনে খাগড়াছড়ি ও রাঙামাটির সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে অবরোধকারীদের চার সদস্য অংশ নেন।

অবরোধকারীদের পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির বাবুধন চাকমা, জিকু চাকমা, কার্বারী অ্যাসোসিয়েশনের নতুন জয় চাকমা ও ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ঊষাতন চাকমা। এ সময় তাঁরা সরকারি প্রতিনিধিদলের কাছে লিখিতভাবে তাঁদের ৫ দফা দাবি তুলে ধরেন।




লামায় বজ্রপাতে শিশুসহ স্কুলদপ্তরী নিহত

লামায় বজ্রপাতে শিশুসহ স্কুলদপ্তরী নিহত
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতের পৃথক দুটি ঘটনায় এক স্কুল কর্মচারী(দপ্তরি)  ও এক শিশু নিহত হয়েছেন।সোমবার (২৬ অক্টোবর)বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।  

​নিহতরা হলেন,লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ার মৃত খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা পূর্ব পাড়ার মোহাম্মদ সাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।

নিহত মং প্রু মারমা নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন এবং শিশু সজিব স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

​স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যবর্তী সময়ে মং প্রু মারমা হেডম্যান পাড়াতে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​অপরদিকে, একই সময়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে শিশু মোহাম্মদ সজিব গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ মর্মান্তিক দুটি আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে সকলকে আরও অধিক সতর্ক ও নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান,ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।পুলিশ তদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।




মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে হ্যান্ডবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন মারমা বাজার

মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে হ্যান্ডবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন মারমা বাজার
ছবি সংগৃহীত।

মাহা ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে আয়োজিত প্রীতি হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে জাদিতং যুব সংঘকে ১১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মারমা বাজার একাদশ। ফাইনাল খেলায় মারমা বাজার একাদশ ৩৩ গোল করে; বিপরীতে জাদিতং যুব সংঘ সংগ্রহ করে ২২ গোল।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩৪-এর সংসদ সদস্য মাধবী মার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উৎসব উদযাপন পরিষদ বান্দরবান জেলার সভাপতি চ নু মং মারমা।

ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়। তবে খেলার শেষ পর্যন্ত নিজেদের দক্ষতা ও নৈপুণ্য ধরে রেখে ৩৩-২২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মারমা বাজার একাদশ। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় দলটি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাধবী মার্মা বলেন, “তরুণ ও শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাহাড়ি অঞ্চলের খেলোয়াড়দের প্রতিভা ও দক্ষতা প্রশংসনীয়।” তিনি আরও উল্লেখ করেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকার নতুন স্টেডিয়াম নির্মাণ ও বিদ্যমান খেলার মাঠ সংস্কারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এ সময় তিনি সবাইকে খেলাধুলায় উৎসাহিত হওয়ার পাশাপাশি নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে চ নু মং মারমা বলেন, উৎসব উদযাপন পরিষদের এ আয়োজনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে মাহা ওয়াগ্যোয়াই পোয়ের ঐতিহ্যবাহী রথযাত্রায় সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান তিনি।

খেলা শেষে আকাশে রঙিন ফানুস উড়িয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।




মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ ও দেশের সমবায় খাতে একমাত্র ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত সমবায় সমিতি বান্দরবানের “লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড”-এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (অক্টোবর) সকাল ৯টা থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সাধারণ সভায় সমিতির প্রায় ৪ হাজার নারী ও পুরুষ সদস্য অংশ নেন।

মৌচাকের প্রতিষ্ঠাতা সিইও এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মাস্টার আব্দুর শুক্কুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং মৌচাক লিমিটেডের শরীয়াহ কমিটির সভাপতি আ.ক.ম আবদুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী; কালব লিমিটেডের সাবেক ডিরেক্টর মোঃ আবদুস ছাত্তার ভূঁইয়া, নুর মোহাম্মদ ও মোঃ শফিউল আলম; এবং কালব লিমিটেডের সাবেক ডিজিএম ও ইনোভা ইন্টারন্যাশনালের এমডি মোঃ ফিরোজ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী শরীয়াহ বোর্ডের সদস্যসচিব ও সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, শরীয়াহ বোর্ডের সদস্য মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম, মৌচাকের সম্পাদক মাস্টার হাবিবুর রহমান, মৌচাকের ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা ও সাংবাদিকসহ অনেকে।

সাধারণ সভায় উপস্থিত সদস্যদের স্বাক্ষর গ্রহণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্য এবং বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এরপর সম্পাদক হাবিবুর রহমান ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় ২০২৫-২৬ অর্থ বছরের নিরীক্ষিত আয়-ব্যয় হিসাব অনুমোদন, লভ্যাংশ বণ্টন প্রস্তাব অনুমোদন, ২০২৫-২০২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

মৌচাক সূত্রে জানা যায়, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ১৯৯২ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। মাত্র ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে প্রতিষ্ঠানটির সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১৭ হাজার (সাধারণ ও শিশু সদস্য)। সমবায় সমিতির উজ্জ্বল দৃষ্টান্ত এই প্রতিষ্ঠানটির বর্তমান মূলধন প্রায় ৭৪ কোটি টাকা।

সভায় মৌচাক এগ্রো সার্ভিস, মৌচাক পরিবহন ব্যবসায় বিনিয়োগসহ একাধিক বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে সকল সদস্যের অংশগ্রহণে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে ১৫০ জন বিজয়ী পুরষ্কার জিতে নেন।

এদিকে, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে মাস্টার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুজ্জামান, ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ এবং সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, মো. আব্দুর রহিম ও গোলাম সরোয়ার নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। অনুষ্ঠান শেষে মৌচাকের বিদায়ী কমিটি নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীন জানান, “টেকসই ক্রেডিট ইউনিয়ন” গড়ার স্বপ্ন নিয়ে ‘সদস্যদের জীবনমান উন্নয়নে মানসম্মত সেবা নিশ্চিতকরণ’ লক্ষ্যে যাত্রা শুরু করে মৌচাক। মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের আজকের এই সফলতার অংশীদার সংস্থাটির সকল সাধারণ সদস্য, পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীরা। আগামীতে আরও নতুন নতুন পরিকল্পনা হাতে নিয়ে মৌচাক এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।