হেয়াকো বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই চায়ের দোকান ও স্টেশনারি

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির হেয়াকো বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও একটি স্টেশনারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাজারের বনানী স্কুলসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অবকাঠামো ও দোকানের মালামাল মিলিয়ে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। টিন ও কাঠের তৈরি দোকান হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং দোকান দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চায়ের দোকানি শফিউল্লাহ জানান, দোকানটিই ছিল তাঁর জীবিকার শেষ সম্বল। আগুনে দোকানের চেয়ার-টেবিল, তিনটি গ্যাস সিলিন্ডার, শোকেস এবং কেক, বিস্কুট, চানাচুরসহ সব মালামাল পুড়ে গেছে। এতে তাঁর দেড় লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, পাশের স্টেশনারি দোকানেও একটি ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দোকানঘরের মালিক মোহাম্মদ ইউসুফ জানান, অগ্নিকাণ্ডে দোকানঘরগুলো পুড়ে ছাই হয়ে যাওয়ায় সব মিলিয়ে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোবারক। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।











