হাটহাজারীতে ১১ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল নরসিংদী থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে ১১ বছরের শিশু আফরিনকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনার প্রধান আসামি ফয়সালকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২০ মে বুধবার বেলা ৩টার দিকে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নীলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী মডেল থানার এসআই (নিরস্ত্র) রূপন নাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নরসিংদীতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে হাটহাজারী থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩০২/২০১ ধারায় একটি মামলা করা হয় (মামলা নম্বর-২৩)। শিশু আফরিনকে ধর্ষণের পর হত্যা এবং পরবর্তীতে আলামত গোপনের অভিযোগে এই মামলাটি রুজু করা হয়েছিল, যার প্রধান এজাহারনামীয় আসামি এই ফয়সাল।
হাটহাজারী মডেল থানা-পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আসামি ফয়সাল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও নিখুঁত নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে রায়পুরা থানা এলাকায় অভিযান চালানো হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। তারা জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।








