হাটহাজারীতে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারী পৌরসভা এলাকার চন্দ্রপুরে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে ভাড়া বাসা থেকে জিয়ারুল (২৫) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়ারুল দীর্ঘ ৬ মাস ধরে হাটহাজারীর চন্দ্রপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং পেশায় একজন ঢালাই শ্রমিক ছিলেন।
শনিবার সকালে তিনি স্বাভাবিকভাবে চা-নাস্তা শেষ করে নিজের রুমে ফিরে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
ঘরের সামনে দিয়ে চলাচলকারী হযরত আলী নামে এক ব্যক্তি জানালার ফাঁক দিয়ে জিয়ারুলকে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি হাটহাজারী মডেল থানা পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। ভেতর থেকে দরজা শক্তভাবে বন্ধ থাকায় পুলিশ গ্যারেন্ডার মেশিন দিয়ে দরজা কেটে ভেতরে প্রবেশ করে এবং মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যাওয়া হয়।
নিহত জিয়ারুলের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায়। তিনি জীবিকার তাগিদে হাটহাজারীতে থেকে নির্মাণ কাজ করতেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।








