হাটহাজারীতে মেগা পরিচ্ছন্নতা অভিযান ও মানবিক সহায়তার উদ্বোধন করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম.পি।
সকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভার বিভিন্ন সড়কের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মহোদয় পৌরসভার প্রশাসকসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো পায়ে হেঁটে পরিদর্শন করেন। এ সময় তিনি জনভোগান্তি লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে চলমান উচ্ছেদ কার্যক্রম ও উন্নয়নমূলক কাজগুলো সরাসরি তদারকি করেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি যাকাত ফান্ড থেকে দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের প্রত্যেকের হাতে ১০, (দশ হাজার) টাকার চেক তুলে দেন।
পরবর্তীতে প্রতিমন্ত্রী ফতেপুর ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অতি দরিদ্রদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উল্লেখ্য যে, এই কর্মসূচির অধীনে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের প্রায় ২১,০০০ মানুষের মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।
পরিদর্শন ও বিতরণকালে তিনি উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের অভাব-অভিযোগের কথা শোনেন। তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।








