হাটহাজারীতে ছাত্রলীগের অবরোধের চেষ্টা, বাসে আগুন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও রেলপথ বন্ধের চেষ্টা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

হাটহাজারীতে ছাত্রলীগের অবরোধের চেষ্টা, বাসে আগুন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও রেলপথ বন্ধের চেষ্টা

হাটহাজারীতে ছাত্রলীগের অবরোধের চেষ্টা, বাসে আগুন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও রেলপথ বন্ধের চেষ্টা
ছবি সংগৃহীত।

হাটহাজারীর বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টির চেষ্টা, দুই থেকে তিনটি বাসে অগ্নিসংযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগানো এবং রেললাইনে আগুন জ্বালিয়ে রেলপথ বন্ধ রাখার চেষ্টার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। পাশাপাশি যানবাহন চলাচল ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে সড়কে অবরোধ সৃষ্টির চেষ্টা করা হয়। এ সময় কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগানো হয়। অন্যদিকে, রেললাইনে আগুন জ্বালিয়ে রেল চলাচল বন্ধ রাখারও চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।

এসব ঘটনার কারণে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সার্বিক নিরাপত্তাব্যব্যবস্থা জোরদারের প্রয়োজন দেখা দিয়েছে।

তবে এসব ঘটনায় কতজন জড়িত, অগ্নিসংযোগে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং রেল চলাচলে প্রকৃতপক্ষে কোনো বিঘ্ন ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসন, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।




ফটিকছড়িতে রুজি হত্যা মামলার আসামি ২২ বছর পর গ্রেপ্তার

ফটিকছড়িতে রুজি হত্যা মামলার আসামি ২২ বছর পর গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে রুজি আক্তার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে দীর্ঘ ২২ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

গ্রেপ্তার মো. নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার আমির হোসেনের ছেলে। দীর্ঘদিন তিনি ওমানে অবস্থানের পর দেশে ফিরে নাম পরিবর্তন করে মো. আজম পরিচয়ে বসবাস করছিলেন।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৬ মে রুজি আক্তারের মরদেহ তাঁর বসতবাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তে তাঁকে ধর্ষণের পর হত্যার বিষয়টি স্পষ্ট হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. আবু তাহের ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তে জানা যায়, প্রতিবেশী আবদুল মান্নান নামে এক ব্যক্তি রুজি আক্তারকে উত্ত্যক্ত করতেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর সঙ্গে বিরোধ তৈরি হয়।

২০০৪ সালের ১৫ মে রাতে রুজি ঘর থেকে বের হলে আবদুল মান্নান ও নাছির তাঁকে তুলে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে পরিচয় প্রকাশের আশঙ্কায় তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর আরও দুজনের সহযোগিতায় মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন নাছির। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে এসআরবি-৭-এর একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, রুজি আক্তার হত্যা মামলাটি পুরোনো। এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।




ফটিকছড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা

ফটিকছড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে মধ্যরাতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ফটকে ‘ধর্মঘট’ লেখা পোস্টারও সাঁটানো হয়। একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়কে টায়ার জ্বালানোর ঘটনাও ঘটেছে।

তালাবদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং দৌলতপুর সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। পরে তালা লাগানো ও মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

কলেজের নিরাপত্তা প্রহরী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে ফটিকছড়ি সরকারি কলেজের প্রধান ফটکه ব্যানার টাঙিয়ে শিকল পেঁচিয়ে তালা লাগানো হয়। একইভাবে উপজেলার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকেও তালা দেওয়া হয়। এসব ফটকে ‘ধর্মঘট’ লেখা পোস্টার সাঁটানো ছিল।

এদিকে মঙ্গলবার ভোরে উপজেলার গহিরা-ফটিকছড়ি সড়কের লেলাং চাড়ালিয়াহাট মোড়ে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক সাফরাজ খান মিরাজ। অন্যদিকে ছাত্রলীগ কর্মী আজগর পারভেজের নেতৃত্বে ভূজপুর-কাজিরহাট সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকাতেও ছাত্রলীগ কর্মী মিনহাজ রেজবীর নেতৃত্বে মিছিলের খবর পাওয়া গেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা এক ব্যক্তি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে শিকল পেঁচিয়ে তালা লাগাচ্ছেন। ওই ব্যক্তি ছাত্রলীগের কর্মী মুরাদ মাহমুদ বলে জানা গেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কে এফ সাইমুন। তিনি বলেন, ‘ফটিকছড়ি থানা-পুলিশের নাকের ডগায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। এর দায় প্রশাসন এড়াতে পারে না।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগানোর বিষয়টি আমার জানা নেই। তারা অবরোধ কর্মসূচি পালন করতে চাইলে সড়কে আসুক। শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগাতে হবে কেন? এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও অভিযান পরিচালনা করা হবে।’




শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ছবি সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো জটিলতা আছে বলে মনে করে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তি ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, তিনি (শেখ হাসিনা) তো কেবল সাধারণ অপরাধী নন। তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। ১০০ বা ৫০০ খুনের ঘটনা এক বিষয়, কিন্তু মানবতাবিরোধী অপরাধ সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমাদের দেশের সংবিধানেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের জন্য সাধারণ মৌলিক মানবাধিকার স্থগিত বা রহিত থাকবে।

ভারতে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত সরকারের পক্ষ থেকেও অতীতে বলা হয়েছে এতে আইনি জটিলতা রয়েছে। তবে বাস্তবতা হলো, শেখ হাসিনা নিজে যেখানে বারবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন, সেখানে আইনি জটিলতা বা কোর্টের দীর্ঘসূত্রতার প্রশ্ন আসে না। ভারত সরকারের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান রয়েছে। সেই চুক্তির আওতেই আনুষ্ঠানিক চ্যানেলে তাকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

শেখ হাসিনার পাসপোর্ট প্রদান কিংবা ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, একটি ল’ ফার্ম থেকে ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। ফলে এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ, যা যথাসময়ে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত অপরাধীকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রক্রিয়া ও নিয়ম মেনে চলাই সরকারের মূল লক্ষ্য। কোনো অস্পষ্ট বা অসংগত উপায়ে নয়, বরং আইনি প্রসেস মেনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারে সোপর্দ করা হবে।