হাটহাজারীতে কৃষিজমির টপসয়েল কাটার দায়ে যুবকের ২ লাখ টাকা জরিমানা

হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন বিলে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার দায়ে মোহাম্মদ শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, গুমানমর্দ্দন বিল এলাকায় একদল অসাধু ব্যক্তি ড্রেজার ও স্কাভেটর দিয়ে কৃষিজমির টপসয়েল কেটে নিয়ে যাচ্ছিল। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। এসময় কৃষিজমির মাটি কাটার অপরাধ হাতেনাতে পাওয়ায় সিকান্দার পাড়া (চারিয়া) এলাকার বাসিন্দা মোহাম্মদ শাকিলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, “কৃষিজমি আমাদের জাতীয় সম্পদ। আইন অমান্য করে যারা জমির টপসয়েল বিক্রি বা কাটার সাথে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।”








