হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা ও পৌরসভার যৌথ অভিযান

হাটহাজারীর ব্যস্ততম কাচারি সড়কের উভয় পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা ও পৌর প্রশাসন। শনিবার (১৬ মে) সকাল ১১টা থেকে জনগণের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে উপজেলা প্রশাসন, হাটহাজারী এবং হাটহাজারী পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
অভিযান সূত্রে জানা গেছে, অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণের মাধ্যমে সড়কে স্বাভাবিক যান ও জনচলাচল নিশ্চিত করা হয়। পর্যায়ক্রমে পুরো সড়কের সব অবৈধ দখল উচ্ছেদ করে মানুষের জন্য উন্মুক্ত করা হবে। বিশেষ করে ড্রেনের ময়লা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে এটি খুব গুরুত্বপূর্ণ। জনপথে নির্বিঘ্নে চলাচল করতে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান।
উল্লেখ্য, ইতোপূর্বে সবাইকে মাইকিং করে সতর্ক করা হলেও অনেকেই অবৈধ দখল এবং ফুটপাতে মালামাল রাখা পরিহার করেননি। বারবার সতর্ক করার পরেও যারা এখনো জায়গা দখলে রেখেছেন, ভবিষ্যতে উচ্ছেদের পাশাপাশি জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








