স্বপ্ন আর দায়িত্বের বার্তা নিয়ে বিদায় নিলো এসএসসি শিক্ষার্থীরা

ফটিকছড়ির গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ২০২৬ সেশনের এসএসসি পরীক্ষার্থীদের কোর্স সমাপনী, দোয়া মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান। বিদায়ের বেদনা, ভবিষ্যতের স্বপ্ন আর দায়িত্ববোধের বার্তায় মুখর ছিল পুরো আয়োজন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য কঠোর পরিশ্রম, সৃজনশীলতা ও শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, তোমরাই দেশের আগামী দিনের কর্ণধার। তাই এখন থেকেই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খোরশেদুল আলম এনাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জহির আজম চৌধুরী, ফটিকছড়ি সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. ইদ্রিস মিয়া, লেলাং বিএনপির সভাপতি সরওয়ার হোসেন, পূর্ব দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, নাজিরহাট পৌর যুবদল সভাপতি ওমর ফারুক, ফটিকছড়ি পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেল এবং প্রবাসী ব্যবসায়ী মাহবুল আলমসহ অনেকে।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন। কেউ শোনান শিক্ষাজীবনের মধুর অভিজ্ঞতা, আবার কেউ প্রকাশ করেন ভবিষ্যৎ নিয়ে নিজের স্বপ্ন ও প্রত্যাশা। আবেগঘন এই মুহূর্তে অনেকের চোখেই ছিল অশ্রু।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে নতুন পথচলার সূচনা হয়। পুরো আয়োজনটি যেন একসঙ্গে বিদায়, প্রেরণা ও নতুন শুরুর এক অনন্য মিলনমেলা হয়ে ওঠে।








