সোনা কিনে জঙ্গলে রাখলেই ‘লাভ’, ফাঁদে পড়ে সঞ্চয় হারাচ্ছে মানুষ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সোনা কিনে জঙ্গলে রাখলেই ‘লাভ’, ফাঁদে পড়ে সঞ্চয় হারাচ্ছে মানুষ

সোনা কিনে জঙ্গলে রাখলেই ‘লাভ’, ফাঁদে পড়ে সঞ্চয় হারাচ্ছে মানুষ
ছবি সংগৃহীত।

সোনা কিনে তা বনের নির্দিষ্ট জায়গায় রেখে আসতে বলা হচ্ছে মানুষকে। প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এতে সোনা নিরাপদ থাকবে এবং ভবিষ্যতে দাম বাড়লে লাভ হবে। কিন্তু সেই আশ্বাসে বিশ্বাস করে সোনা রেখে আসার পর আর সেটির খোঁজ পাচ্ছেন না অনেকে। নরওয়েতে বিনিয়োগের নামে এ ধরনের অদ্ভুত প্রতারণার ঘটনা ঘটছে। এ বিষয়ে সতর্ক করেছে দেশটির ব্যাংক ও আর্থিক খাতের সংশ্লিষ্ট সংগঠন।

নরওয়ের আর্থিক পরিষেবা খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন ফিনান্স নরওয়ে জানিয়েছে, এ ধরনের প্রতারণায় কয়েকজন ব্যাংক গ্রাহক তাদের সঞ্চিত অর্থ হারিয়েছেন। এরপর সন্দেহজনক বিনিয়োগের প্রস্তাব সম্পর্কে মানুষকে সতর্ক করছে দেশটির ব্যাংকগুলো।

বনে সোনা রেখে আসার ফাঁদ

সাধারণত বিনিয়োগের নামে প্রতারণা করতে মানুষকে ব্যাংক হিসাবে টাকা পাঠাতে বলা হয়। কিন্তু নরওয়ের এই প্রতারণায় ভিন্ন কৌশল ব্যবহার করা হচ্ছে। প্রথমে মানুষকে সোনা কিনতে রাজি করানো হয়। এরপর সেই সোনা বনের নির্জন জায়গায় রেখে আসতে বলা হয়।

প্রতারকেরা দাবি করে, এভাবে সোনা রাখলে তা নিরাপদ থাকবে এবং বিনিয়োগ থেকে লাভ পাওয়া যাবে। কিন্তু সোনা রেখে আসার পর সেটি চুরি হয়ে যায়। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েন ভুক্তভোগীরা।

ফিনান্স নরওয়ের প্রতারণা প্রতিরোধ কার্যক্রমের পরিচালক গ্রি নেরগার্ড জানান, এ ধরনের প্রতারণার প্রথম ঘটনাগুলো সামনে আসে গত বসন্তে। এরপর রাজধানী অসলো ও আশপাশের শহরগুলোর পাশাপাশি দেশটির পশ্চিম উপকূলের বার্গেন শহরেও এমন ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় মোট কত টাকার সোনা চুরি হয়েছে, তা জানায়নি সংগঠনটি। তবে সোনা কিনে নিজের কাছে রাখার বদলে অন্যের নির্দেশে নির্জন জায়গায় রেখে আসার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতারণায় ১০ কোটি ডলারের ক্ষতি

নরওয়েতে শুধু সোনা নিয়ে এ ধরনের প্রতারণাই নয়, আর্থিক জালিয়াতির আরও নানা ঘটনা ঘটছে।

ফিনান্স নরওয়ের তথ্য অনুযায়ী, গত বছর দেশটির ব্যাংক ও তাদের গ্রাহকেরা আর্থিক প্রতারণার কারণে মোট ৯৬ কোটি ২০ লাখ ক্রোনার হারিয়েছেন। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ডলার।

তবে প্রতারণা ঠেকাতেও কাজ করছে ব্যাংকগুলো। সংগঠনটি জানিয়েছে, গত বছর প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার চেষ্টা করা ৩৫০ কোটি ক্রোনারের বেশি অর্থ আটকে দিতে পেরেছে ব্যাংকগুলো।

প্রতারকেরা কখনো বেশি লাভের প্রলোভন দেখিয়ে, কখনো মিথ্যা আশ্বাস দিয়ে, আবার কখনো পরিচিত বা বিশ্বাসযোগ্য কারও পরিচয় ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলছে।

সতর্ক করতে প্রচার শুরু

প্রতারণা সম্পর্কে মানুষকে সচেতন করতে ফিনান্স নরওয়ে ও দেশটির বিভিন্ন ব্যাংক ‘নো ওয়ে—ইউ ওয়ান্ট ফুল মি’ নামে একটি প্রচার শুরু করেছে। এর মাধ্যমে কোনো অস্বাভাবিক আর্থিক প্রস্তাব পেলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত না নিয়ে আগে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, অপরিচিত কারও বিনিয়োগের প্রস্তাবে সহজে বিশ্বাস করা উচিত নয়। প্রস্তাবটি কারা দিচ্ছে, কীভাবে বিনিয়োগ করা হবে এবং লাভের প্রতিশ্রুতির ভিত্তি কী—এসব বিষয় ভালোভাবে যাচাই করতে হবে।

সোনা কিনলেই কি বিনিয়োগ নিরাপদ?

দীর্ঘমেয়াদে সম্পদের মূল্য ধরে রাখার আশায় অনেকে সোনা কেনেন। তবে সোনার দাম সব সময় বাড়ে না। এর পাশাপাশি সোনা কোথায় রাখা হচ্ছে, কীভাবে কেনা হচ্ছে এবং পরে কীভাবে বিক্রি করা হবে, সেগুলোও গুরুত্বপূর্ণ।

নরওয়ের এই ঘটনা দেখিয়েছে, মূল্যবান সম্পদ কিনেও প্রতারণার শিকার হওয়া সম্ভব। তাই সোনা বা অন্য কোনো সম্পদ কেনার পর অচেনা কারও নির্দেশে তা নির্জন জায়গায় রেখে আসা উচিত নয়।

অপরিচিত কোনো বিনিয়োগে টাকা খরচ করার আগে তথ্য যাচাই করা এবং প্রয়োজনে স্বাধীন আর্থিক পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: ইয়াহু ফাইন্যান্স, দ্য ইকোনমিক টাইমস




হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
ছবি সংগৃহীত।

সৌদি আরব লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিন হরমুজ প্রণালিতে অবরোধ থাকায় বিশ্বজুড়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গতকাল শুক্রবার যে দামে অপরিশোধিত তেল বিক্রি হয়েছে, তা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ।

দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়েরই। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স শুক্রবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ১১৬ দশমিক ৭২ ডলারে। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৩ দশমিক ৫৫ ডলার বা শতকরা হিসেবে ৩ দশমিক ১৪ শতাংশ।

একই দিন ডব্লিউটিআইয়ের প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১০৩ দশমিক ২৭ ডলারে। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় ব্যারেলপ্রতি ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৩ দশমিক ৮ ডলার বা শতকরা হিসেবে ৩ দশমিক ৮ শতাংশ।

বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সর্বশেষ অপরিশোধিত জ্বালানি তেলের এই মূল্যচিত্র দেখা গিয়েছিল গত ২৯ এপ্রিল। সে সময় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক অভিযান ও পাল্টাপাল্টি আঘাত তুঙ্গে ছিল।

বিশ্লেষকরা জানিয়েছেন, গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে শতকরা ৬ শতাংশ; আর ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার ঘটনা আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা এবং তেল সরবরাহের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি বিশ্ব জ্বালানি বাজারের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এই অঞ্চলে সরবরাহ ঝুঁকির আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে।

এ মূল্যবৃদ্ধির জেরে শুক্রবার ওয়াল স্ট্রিটের জ্বালানি খাত ২.৫ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যদিও যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচকগুলো পতনের মধ্য দিয়ে দিন শেষ করেছে বলে জানিয়েছে রয়টার্স।

সূত্র : রয়টার্স




ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু

ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু
ছবি সংগৃহীত।

ইউরোপে ২০২৬ সালের গ্রীষ্মে ভয়াবহ তাপপ্রবাহে বিভিন্ন শহরে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নতুন এক গবেষণা অনুযায়ী, এটি ইউরোপে তাপজনিত মৃত্যুর রেকর্ডে সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, এসব মৃত্যুর মধ্যে ৩২ হাজার ৬০০ জনের বেশি মানুষের মৃত্যুর জন্য সরাসরি জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে তাপপ্রবাহকে আরও তীব্র করছে।

গবেষণার ফলাফল নেচার হেলথ সাময়িকীতে প্রকাশিত দুটি গবেষণাপত্রে তুলে ধরা হয়েছে। গবেষণার অন্যতম লেখক ও লন্ডনের ইম্পেরিয়াল কলেজের চরম আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষক ক্লেয়ার বার্নস বলেন, ইউরোপের বড় একটি অংশে ২০২৬ সালের গ্রীষ্ম তাপজনিত মৃত্যুর ক্ষেত্রে রেকর্ডে সবচেয়ে ভয়াবহ হয়ে থাকতে পারে।

জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তর্জাতিক নেতাদের তুরস্কে সমবেত হওয়ার কয়েক সপ্তাহ আগে এই মৃত্যুর হিসাব সামনে এল। এর কয়েক দিন আগে জাতিসংঘের এক প্রতিবেদনে সতর্ক করা হয়, প্রাক্‌-শিল্প যুগের তুলনায় বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনের সুযোগ এখন কার্যত শেষ হয়ে গেছে।

বার্নস বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব ঠেকানোর ক্ষেত্রে বিশ্ব অনেক পিছিয়ে রয়েছে। দ্রুত পদক্ষেপ ও দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে।

ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। চরম আবহাওয়ার ঘটনাগুলোর মধ্যে তাপপ্রবাহই সবচেয়ে প্রাণঘাতী। চলতি বছরের মে মাসের শেষ দিক থেকে আগস্টের শেষ পর্যন্ত নজিরবিহীন উচ্চ তাপমাত্রায় পুড়েছে মহাদেশটি।

গবেষণায় বলা হয়েছে, পশ্চিম ইউরোপে এ বছর রেকর্ডে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম দেখা গেছে। এ সময় তাপমাত্রা ১৯৯১ থেকে ২০২০ সালের গড়ের তুলনায় প্রায় ২.৯ ডিগ্রি সেলসিয়াস (৫.২ ডিগ্রি ফারেনহাইট) বেশি ছিল। তবে কিছু দেশে নির্দিষ্ট দিনে তাপমাত্রার পার্থক্য স্বাভাবিকের তুলনায় ১২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছিল।

সূত্র: সিএনএন




বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান
ছবি সংগৃহীত।

বাংলাদেশে আগামী পাঁচ বছরে ৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার বা ৬৩৬ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ করবে জাপান।

জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানে একটি শীর্ষ বৈঠকে আমন্ত্রণ জানাবেন।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বিনিয়োগের এই উদ্যোগের কথা উল্লেখ থাকতে পারে।

নিক্কেইয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগের অর্থ গাড়ি ও অন্যান্য উৎপাদনশিল্প এবং জ্বালানি স্থাপনা নির্মাণে ব্যয় হতে পারে।

এ ছাড়া বাংলাদেশে গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে যাওয়া প্রতিষ্ঠানগুলোও এই উদ্যোগের আওতায় আসতে পারে। জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ কয়েকটি পক্ষ এই অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের সঙ্গে যুক্ত রয়েছে।

সূত্র: রয়টার্স