সীতাকুণ্ড সমিতির যুগ্ম সম্পাদক পদে লড়ছেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু

আসন্ন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের ২০২৬ সালের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই মনোনয়নপত্র হস্তান্তর করেন।
মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার শহীদুল্লাহ মানিক, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবু হায়দার নাসির এবং অ্যাডভোকেট আইনুল কামাল। এ সময় সীতাকুণ্ড সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সরোয়ার লাভলু বলেন, “এই প্রার্থিতা সীতাকুণ্ডের মানুষের কল্যাণে কাজ করার একটি অঙ্গীকার। আমি সবার সহযোগিতা নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও উন্নয়নমুখী সমিতি গড়ে তুলতে চাই।”
উল্লেখ্য, মো. সরোয়ার হোসাইন লাভলু চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এবং দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে আইন সম্পাদক ও বিশেষ প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সীতাকুণ্ড সমিতির আসন্ন নির্বাচনে তার এই অংশগ্রহণ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








