সীতাকুণ্ডে শিশু হত্যা: পারিবারিক বিরোধের জেরে ধর্ষণচেষ্টার পর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী জান্নাতুল নাইমা ইরাকে হত্যার দায়ে বাবু শেখ (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন অভিযুক্ত।
আজ সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, গত রোববার সকালে অভিযুক্ত বাবু শেখ শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি চিৎকার করলে বাবু শেখ তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে শিশুটির গলায় আঘাত করে। তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় সে।
পরবর্তীতে স্থানীয় শ্রমিকরা মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ ভোরে শিশুটির মৃত্যু হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, “ঘটনার পরপরই কুমিরা থেকে সীতাকুণ্ড পাহাড়ি এলাকা পর্যন্ত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্ত বাবু শেখকে শনাক্ত করা হয়। আজ দুপুর ১২টার দিকে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রক্তমাখা পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাবু শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।








