সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে অভিযান: অস্ত্রসহ আটক ২

চট্টগ্রামের সাতকানিয়ায় দক্ষিণ জেলা ছাত্রদলের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উত্তর-পশ্চিম কাঞ্চনা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে ওই নেতার দুই ভাইকে আটক করেছে সেনাবাহিনী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজের বাড়িতে এই অভিযান চালানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার ও অবৈধ কার্যক্রমের পরিকল্পনায় এসব অস্ত্র মজুত করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র পাওয়ার পর ফিরোজের দুই ভাইকে আটক করা হয়, তবে ছাত্রদল নেতা ফিরোজ পলাতক রয়েছেন।
সাতকানিয়া সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ক্যাপ্টেন শাকিবুজ্জামান পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়েছি। তল্লাশিতে ওই বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আমাদের এই অভিযান নিয়মিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ।"
অস্ত্র উদ্ধারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের মজুত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় এবং অবৈধ অস্ত্র নির্মূলে তাদের এই ধরনের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।







