সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে যুবককে কুপিয়ে হত্যা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে যুবককে কুপিয়ে হত্যা
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে জাহেদুল ইসলাম ওরফে জাহেদ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার ১৪ নম্বর পুরানগড় ইউনিয়নের ভাঙারগোড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জাহেদুল ইসলাম ওই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার মোটরসাইকেলের গতি রোধ করা হয়। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় ও শরীরে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন চিৎকার শুনে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে তাকে আশশেফা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের একাংশের অভিযোগ, নিহত জাহেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ ছিল। তবে ভয়ে বা প্রতিশোধের আশঙ্কায় এলাকার কেউ অতীতে মুখ খুলতে সাহস পাননি।

এদিকে স্বামীর মৃত্যুর পর আহাজারি করে জাহেদের স্ত্রী বলেন, "আমার স্বামী কোনো অন্যায় করেননি। যারা আমার কোলের শিশুকে এতিম এবং আমাকে বিধবা করেছে, আমি তাদের ফাঁসি চাই। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, আমার স্বামীর খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর বিচার করা হোক।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। অপরাধীদের গ্রেপ্তারে আমাদের সাঁড়াশি অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"




সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নে সাঙ্গু নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা আপন ভাই-বোন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু নয়াপাড়া এলাকার মোহাম্মদ বেলালের দুই সন্তান মধ্য আমিলাইশ সাঙ্গু নদীর ঘাটঘর এলাকায় পানিতে পড়ে ডুবে যায়।

নিহতরা হলো—মেয়ে মাহিয়া আক্তার (৬) এবং ছেলে মোহাম্মদ মাহিন (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে দুই ভাই-বোন নদীর পানিতে পড়ে যায়। পরে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বা পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

আমিলাইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি সদস্য) মোহাম্মদ ইউছুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।”




বাঁশখালীতে রাতের আঁধারে দেড় শতাধিক গাছ কাটার অভিযোগ

বাঁশখালীতে রাতের আঁধারে দেড় শতাধিক গাছ কাটার অভিযোগ
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে দেড় শতাধিক গাছ কেটে ফেলে পাহাড় উজাড় করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল মিয়ার দোকান এলাকায় রবিবার রাতে মৃত শারদা চরণ দাশের ছেলে দুলাল কান্তি দাশ, গোপাল কান্তি দাশ, রাখাল কান্তি দাশ ও বিদু কান্তি দাশের মালিকানাধীন পাহাড়ি জায়গা থেকে ৪ লাখাধিক টাকা মূল্যের দেড় শতাধিক গাছ কেটে ফেলেছে বনদস্যু ও সন্ত্রাসীরা।

খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা দুই গাড়ি কাটা গাছ ফেলে পালিয়ে যায়।

এর আগে গাছ কাটার খবর পেয়ে জায়গার মালিক দুলাল কান্তি দাশসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে অস্ত্রধারী মুখোশপড়া সন্ত্রাসী ও বনদস্যুরা তাঁদের ওপর হামলার চেষ্টা করে।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতা আবদুর রশিদ মেম্বার ও সাবেক মেম্বার নাছিরসহ এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তাঁরা অবিলম্বে গাছ কাটায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, রবিবার রাত আনুমানিক ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত সন্ত্রাসীরা এ বৃক্ষনিধন করে পুরো পাহাড়টি উজাড় করে দেয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, এ ঘটনার খবর পাওয়ার পরপরই রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু গাছ ফেলে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। তিনি জানান, ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সুদীর্ঘ মিছিল

বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সুদীর্ঘ মিছিল
বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুদীর্ঘ মিছিল।

বাঁশখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সুদীর্ঘ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মিয়ারবাজার থেকে শুরু হয়ে দুই কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বেলা ৪টায় শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এ সময় মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বাঁশখালীর জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সরকারি কর্মকর্তাদের হুমকি ও চাপে রাখার অভিযোগ তোলেন। তিনি বলেন, “সাবধান হয়ে যান। এক হাতে তালি বাজে না।” তিনি আরও বলেন, “সরকার বিএনপির। আপনারা বিরোধী দল। তবুও আমরা আপনাদের সহযোগিতা করছি। কিন্তু আপনাদের সহযোগিতার কোনো মানসিকতা নেই।”

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, উপজেলা বিএনপি নেতা মাস্টার লোকমান আহমদ, আলহাজ আমিনুর রহমান চৌধুরী, চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক চেয়ারম্যান ইবরাহিম খলিল, চেয়ারম্যান আসহাব উদ্দিন, অ্যাডভোকেট আবুল কাসেম, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, দেলোয়ার আজীম, রাসেল ইকবাল মিয়া, লায়ন অ্যাডভোকেট নাছির উদ্দীন, খোরশেদ আলম আইয়ুব, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোহসীন, সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, ডাক্তার মোহাম্মদ ইউনুস, মুঈনুদ্দিন পলাশ, মোহাম্মদ ছগির, শাহাদাত হোসাইন আজগর, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ জাহেদ, আবদুল হক, ওলামা দলের নেতা মাওলানা ফোরকান, ছাত্রনেতা আবদুস সবুর, এস এম তৈয়বসহ বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।