সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি সংগৃহীত।

দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি এ নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান নিতে বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোরও নির্দেশনা দিয়েছেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দলের পরবর্তী করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, বুধবার দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষ হয়।




সংসদে প্রধানমন্ত্রী

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল
ছবি সংগৃহীত।

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সমস্যা অতীতে প্রকট আকার ধারণ করেছিল। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে রেখেছিল অথবা স্থগিত করেছিল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল। কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক নেওয়া স্থগিত অথবা কমিয়ে দিয়েছিল।

তিনি বলেন, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েকদিন আগে আমাদের প্রবাসী শ্রমবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সফলভাবে এ সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু তাই নয়, যাওয়ার ক্ষেত্রে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবো। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত হয়েছেন, এমন পরিবারের প্রায় এক হাজার মানুষকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মী নেবে।

তারেক রহমান বলেন, একই সঙ্গে সরকার চেষ্টা করছে, যারা এসব সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনো ধরনের প্রণোদনা দিতে পারে কি না, এমন প্রশ্নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা আমার কাছে বোধগম্য হয়নি। সংসদ সদস্য বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের চেষ্টা করা যেতে পারে।

এর আগে সম্পূরক প্রশ্নে ওই সংসদ সদস্য বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতসংখ্যক কর্মী নেওয়া হবে, কত টাকা খরচ হবে, তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।

তিনি বলেন, সরকার যদি বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দেয় এবং প্রয়োজনে প্রণোদনা দেয়, তাহলে গ্রামের সাধারণ মানুষ জমি বিক্রি করে বা ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে যেতে বাধ্য হবে না। এমনকি একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারে। এ ক্ষেত্রে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না, প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।




প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমতে পারে রাতের তাপমাত্রা

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমতে পারে রাতের তাপমাত্রা
ছবি সংগৃহীত।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এটি আগামী শুক্রবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং ঢাকাসহ দুইটি জায়গায় দমকা হাওয়াসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।  

আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে  পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে হতে পারে। এছাড়া রাতের প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।  

আগামী ২১ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট অনেক জায়গায়, রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রামে স্থানীয়ভাবে কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  

আগামী ২২ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট অনেক জায়গায়, রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিন পর দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।




মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে : বোর্ড চেয়ারম্যান

মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে : বোর্ড চেয়ারম্যান
ছবি সংগৃহীত।

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে কোনো ধরনের গুজব, ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক না কেন, নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় গতকালের সভাটি স্থগিত করা হয়। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। এ সময় তিনি শ্রমিকদের গুজব বা ভুয়া তথ্যে কান না দেওয়ার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান।

মজুরি কার্যকরের সময়সীমা সম্পর্কে বোর্ড চেয়ারম্যান বলেন, ঘোষণা যেদিনই আসুক, নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের জন্য গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে এসব উদ্যোগের পরও কয়েকটি এলাকায় শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বিজিবি ও এপিবিএন সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।